অধিনায়ক সনেই আস্থা দ. কোরিয়া কোচের
অভিজ্ঞ ফরোয়ার্ডকে এখনও দলের প্রাণ মনে করেন কোচ হং মিউং-বো।
দক্ষিণ কোরিয়া অধিনায়ক সন হিউং-মিনের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে শঙ্কা জাগলেও, পাত্তা দিচ্ছেন না কোচ হং মিউং-বো। তার মতে, এখনও দলের প্রাণ অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
দক্ষিণ কোরিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সন। দেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে মঙ্গলবার ১-০ গোলে হারা ম্যাচে কয়েকটি সুযোগ নষ্ট করেন সন।
আসন্ন বিশ্বকাপের আগে তার এই পারফরম্যান্সের গভীর বিশ্লেষণ করছেন ভক্তরা। গত সপ্তাহে কোত দি ভোয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি। কোচ হং জানান, অসুস্থতার জন্য সেদিন খেলেননি সন।
“সন হিউং-মিন হলো আমাদের দলের প্রাণ। আর এ বিষয়ে আমার কখনও সংশয় ছিল না।”
“আমি তার মাঠের সময়টা পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। কারণ, সে ক্যাম্পে আসার সময় থেকে ঠাণ্ডার সঙ্গে লড়াই করছিল। অধিনায়ক হিসেবে অসাধারণ কাজ করছে সন হিউং-মিন, সে আমাদের অভিজ্ঞ খেলোয়াড়দের একজন।”
এমএলএসের চলতি মৌসুমে এখনও লস অ্যাঞ্জেলসের হয়ে কোনো গোল করতে পারেননি ৩৩ বছর বয়সী সন।
