২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রক্ষণে শক্তি বাড়িয়েই চলেছে রেয়াল মাদ্রিদ

বেনফিকা থেকে ২২ বছর বয়সী ডিফেন্ডার আলভারো কারেরাসকে দলে যোগ করেছে স্প্যানিশ ক্লাবটি।

রক্ষণে শক্তি বাড়িয়েই চলেছে রেয়াল মাদ্রিদ
আলভারো কারেরাস। ছবি: রেয়াল মাদ্রিদ এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 03:23 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

গত মৌসুমে রক্ষণের ফুটবলারদের একের পর এক চোট খুব ভুগিয়েছে রেয়াল মাদ্রিদকে। নতুন মৌসুম শুরুর আগে তাই এই জায়গায় শক্তি বাড়িয়েই যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। এবার বেনফিকা থেকে ডিফেন্ডার আলভারো কারেরাসকে দলে যোগ করেছে তারা।

২২ বছর বয়সী স্প্যানিশ এই ফুটবলারের সঙ্গে ৬ বছরের জন্য চুক্তি করেছে রেয়াল মাদ্রিদ। আগামী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত ইউরোপের সফলতম ক্লাবটিতে থাকবেন তিনি।

চলতি গ্রীষ্মের দলবদলে রেয়ালে যোগ দেওয়া তৃতীয় ডিফেন্ডার কারেরাস। এর আগে লিভারপুল থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও বোর্নমাউথ থেকে সম্ভাবনাময় স্প্যানিশ ডিফেন্ডার ডিন হাউসেনকে দলে টানে ক্লাবটি।

রেয়ালের যুব দলে তিন বছর খেলে ২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কারেরাস। ইংলিশ ক্লাবটির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন তিনি। পরে ইউনাইটেডের মূল দলে ডাক পেলেও কখনও খেলার সুযোগ হয়নি তার।

২০২২ থেকে ২০২৪ সময়কালে প্রেস্টম নর্থ এন্ড ও গ্রানাডায় ধারে খেলেন কারেরাস। এরপর, ২০২৪ সালের জানুয়ারিতে ধারে বেনফিকায় পাড়ি জমান তিনি এবং সেখানে যোগ দেওয়ার এক সপ্তাহ পরই পর্তুগিজ ক্লাবটির হয়ে অভিষেক হয়ে যায় তার।

ওই মৌসুম শেষে পাকাপাকিভাবে কারেরাসকে কিনে নেয় বেনফিকা। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ ম্যাচ খেলে ৫ গোল করার পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেছেন ৬টিতে। সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপেও খেলেছেন এই ফুটবলার।