Published : 03 Jul 2026, 11:46 PM
নতুন কোচের হাত ধরে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আল নাস্র। নতুন মৌসুম সামনে রেখে সৌদি প্রো লিগের ক্লাবটি অ্যাঞ্জ পস্তেকগ্লুকে দায়িত্ব দিয়েছে।
গ্রিসে জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ানের সঙ্গে দুই বছরের চুক্তি করার কথা শুক্রবার জানিয়েছে ক্লাবটি।
“নতুন এক অধ্যায়। আল নাস্র মূল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাঞ্জ পস্তেকগ্লু। চুক্তির মেয়াদ দুই বছর।”
“এই যাত্রায় প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য আমরা তাকে শুভকামনা জানাই।”
গত মৌসুমে জর্জে জেসুসের কোচিংয়ে সৌদি প্রো লিগের শিরোপা জয় করে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সদের দল। এর পরপরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান জেসুস। তার উত্তরসূরি হিসেবে ক্লাবটিতে যোগ দিচ্ছেন পস্তেকগ্লু।
গত তিন মৌসুমে প্রিমিয়ার লিগের দুই ক্লাবে দায়িত্ব পালন করেছেন ৬০ বছর বয়সী এই কোচ। যদিও সেখানে তার সময়টা ভালো কাটেনি। ২০২৫ সালে টটেনহ্যাম হটস্পারকে ইউরোপা লিগ জেতালেও, দুই সপ্তাহ পরই প্রিমিয়ার লিগে ১৭তম স্থানে থেকে মৌসুম শেষ করায় ছাঁটাই হন তিনি।
২০২৫-২৬ মৌসুমে নটিংহ্যাম ফরেস্টে আরও তিক্ত অভিজ্ঞতার হয় পস্তেকগ্লুর। নিয়োগের ৩৯ দিন পরই, আট ম্যাচে (ছয়টি হারসহ) জয়শূন্য থেকে চাকরি হারান তিনি।
কোচিং ক্যারিয়ারে সবশেষ ওই দুই বাজে অভিজ্ঞতার পর, এবার নতুন চ্যালেঞ্জ নিলেন অভিজ্ঞ কোচ।