১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উপভোগের মন্ত্রে স্পেনের বিপক্ষে লড়াইয়ের লক্ষ্য কেপ ভার্দের

বিশ্বকাপে খেলার মধ্য দিয়ে বিশ্বের সামনে কেপ ভার্দকে তুলে ধরতে চান দলটির কোচ বুবিস্তা।

উপভোগের মন্ত্রে স্পেনের বিপক্ষে লড়াইয়ের লক্ষ্য কেপ ভার্দের
অনুশীলনে বিশ্বকাপে কেপ ভার্দের প্রথম প্রতিপক্ষ স্পেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 05:28 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার রোমাঞ্চ নিয়ে মাঠে নামার অপেক্ষায় কেপ ভার্দ। কিন্তু প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ উত্তর আমেরিকা বিশ্বকাপের ‘ফেভারিট’ দলগুলোর একটি, স্পেন। তবে, কেপ ভার্দ কোচ বুবিস্তা কোনো চাপ নিতে চাইলেন না। তিনি বরং দলকে জপতে বললেন, উপভোগের মন্ত্র।

‘এইচ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় স্পেনের মুখোমুখি হবে কেপ ভার্দ। আটলান্টার মাঠে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলবে, বিশ্বাস বুবিস্তার।

“আমরা আলোচনা করেছি, ম্যাচ ও বিশ্বকাপ কতটা উপভোগ করতে চাই। আমরা আগেই বলেছি, বিশ্বকাপ বাছাই পেরুনো আমাদের জন্য ছিল ফুটবলের চেয়েও বেশি কিছু প্রাপ্তি; সাংস্কৃতিক, সঙ্গীতময় শৈল্পিক অর্জনের মতো।”

“আমরা আমাদের দেশকে তুলে ধরতে চাই। এটা আমাদের জন্য বিশ্বের সামনে দেশকে তুলে ধরার সুযোগ। স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বলে আমরা খুবই খুশি। এটা একটা দারুণ শুরু। স্বপ্ন সত্যি হতে চলেছে।”

গ্রুপের অন্য দুই দল সৌদি আরব ও উরুগুয়ে। তবে, স্পেনকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে গ্রুপের বাকি ম্যাচের প্রতিপক্ষের পাশাপাশি বিশ্বের সামনেও নিজেদের মান দেখাতে উন্মুখ বুবিস্তা।

“বাছাইয়ের সময় আমরা যা কিছুর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তার সবটুকু দেখাতে চাই। প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং নিজেদের পরিচয় তুলে ধরতে চাই।”

“গ্রুপ পর্বের এই তিনটি ম্যাচ সাহস ও দৃঢ়তার সাথে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই, একটা দল হিসেবে, একটি দেশ হিসেবে আমরা কারা।”

নবাগত কেপ ভার্দকে নিয়ে সতর্ক স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেছিলেন, প্রতিপক্ষকে চমকে দেওয়ার সামর্থ্য আছে কেপ ভার্দের। শুরুতে উপভোগের কথা বললেও, বুবিস্তা পরে ঠিকই জানিয়ে রাখলেন, লড়াকু ফুটবল খেলার প্রত্যয়। 

“আমরা স্রেফ অংশ নিতে এখানে আসিনি। প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি এবং আমাদের দলের পক্ষ থেকে বার্তাটি পরিষ্কার।”

“প্রয়োজন পড়লে আক্রমণাত্মক খেলার প্রস্তুতি নিয়েছি এবং আমরা সেটা দেখাতে চাই। পুরো সময়টা (বাছাই) জুড়ে আমাদের দল পরিপক্কতার প্রমাণ রেখেছে এবং আমি আশা করি, এটা চলতে থাকবে।”