১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আতলেতিকো ম‍্যাচ ফ্লিকের কাছে ফাইনাল নয়

আতলেতিকো মাদ্রিদের মাঠে দুই গোলের ব‍্যবধান ঘোচানো অসম্ভব কিছু মনে করছেন না বার্সেলোনা কোচ।

আতলেতিকো ম‍্যাচ ফ্লিকের কাছে ফাইনাল নয়
প্রথম লেগে অনেক সুযোগ তৈরি করেও গোল পায়নি বার্সেলোনা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 09:00 AM

Updated : 26 Aug 2026, 03:24 PM

গত কিছু দিনে সংবাদ সম্মেলনে ফাইনাল, মিরাকল এই ধরনের শব্দ অনেকবার শুনেছেন হান্সি ফ্লিক। তবে আতলেতিকো মাদ্রিদ ম‍্যাচকে ফাইনাল মনে করছেন না তিনি। দুই গোলের ব‍্যবধান ঘোচাতে মিরাকলেরও প্রয়োজন দেখছেন না বার্সেলোনা কোচ। নিজেদের সহজাত ফুটবল খেলতে পারলে চ‍্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা সম্ভব মনে হচ্ছে তার।

লা লিগায় ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগে শিরোপা ধরে রাখার পথে অনেকটাই এগিয়ে তারা। 

কোপা দেল রে থেকে অবশ্য আগেই বিদায় নিয়েছে তারা। সেই টুর্নামেন্ট যারা তাদের ছিটকে দিয়েছিল, সেই আতলেতিকো মাদ্রিদই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চ‍্যাম্পিয়ন্স লিগে।

ইউরোপ সেরার মঞ্চে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে হারে বার্সেলোনা। মঙ্গলবার আতলেতিকোর মাঠ মেত্রোপলিতানোয় হবে ফিরতি লেগ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

কোপা দেল রের লড়াইয়ে এই মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। তবে এবারের অভিযানে ভালো করতে আশাবাদী ফ্লিক। 

“ফাইনাল হিসেবে বিবেচনা করছি কিনা? না, এটা ফাইনাল নয়। তবে আমরা জিততে চাই। এটাই আমরা করতে চাই। আর এতে আমরা শতভাগ মনোযোগী।”

“আমাদের ভালো পারফরম‍্যান্স করায় মনোযোগ দিতে হবে, ফলের দিকে ততটা নয়। যখন আপনি ভালো খেলবেন, তখন আপনি গোল করতে শুরু করবেন।”

চলতি মৌসুমে ষষ্ঠবার আতলেতিকোর মুখোমুখি হবে বার্সেলোনা। আগের লড়াইগুলোতে শরীরী ভাষায় ছিল বারুদ, ছিল আবেগের জোয়ার। এবার ভিন্ন কিছু আশা করছেন ফ্লিক।

“যাই ঘটুক, সেটা হবে দারুণ কিছু। ভক্তরা তা জানে, আর সেটা তাদের জানা প্রয়োজন। (সেমি-ফাইনালে ওঠা) সম্ভব, নয় কেন? অবশ‍্যই আমরা খুব শক্তিশালী আতলেতিকোর বিপক্ষে খেলতে যাচ্ছি। তাই আমাদের ভালো পারফরম‍্যান্স প্রয়োজন হবে। প্রতিটি সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। কারণ, গত ম‍্যাচে আপনারা দেখেছেন তাদের ও আমাদের মাঝে এটাই ছিল ব‍্যবধান।”

“আমি বিশ্বাস করি, লড়াইয়ের মানসিকতা ও মনোভাব খুব গুরুত্বপূর্ণ। আমি যা দেখছি, এস্পানিওল ম‍্যাচের পরও আমি যেটা বলেছিলাম যে, ভক্তদের সঙ্গে আমার দলের যোগাযোগ অবিশ্বাস‍্য। আমরা এটা এই মৌসুমে দেখছি। দলের ওপর এটার ইতিবাচক একটা প্রভাব আছে…আমাদের বিশ্বাস করতে হবে এবং আমরা জানি যে, আমরা এটা অর্জন করতে পারব। আমি মনে করি, দল সঠিক পথেই আছে। আমাদের সাহসী হতে হবে। আমাদের মান আছে এবং এই ধরনের ম‍্যাচে সাধারণত আমরাই শ্রেয়তর দল থাকি।”