কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশি আর্চারদের মধ্যে উজ্জ্বল রাম কৃষ্ণ ও বন্যা
কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের চার আর্চারের মধ্যে তিন জন ‘বাই’ পেয়ে উঠেছেন শেষ ষোলোয়।
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগে বাংলাদেশের আর্চারদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন রাম কৃষ্ণ সাহা ও বন্যা আক্তার।
ঢাকায় চলমান এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসরে কম্পাউন্ড নারী বিভাগে বাংলাদেশের আর্চারদের মধ্যে সেরা অবস্থানে বন্যা। ৬৯৩ স্কোর গড়ে ১২তম তিনি। এটি তার ব্যক্তিগত সেরা স্কোর। কম্পাউন্ড ইভেন্টে দলীয় স্কোরেও রেকর্ড গড়েছে বাংলাদেশ (২০৬১)। আগের স্কোর ছিল ২০৪৫।
কম্পাউন্ড নারী এককে বন্যা ছাড়া বাংলাদেশের বাকি তিন আর্চার কুলসুম আক্তার ৬৮৮ স্কোর নিয়ে ১৭তম, পুষ্পিতা জামান ৬৮০ স্কোর নিয়ে ২৪তম ও মিথিলা আক্তার ৬৬২ স্কোর নিয়ে ৩২তম হয়েছেন। এই বিভাগে বাংলাদেশের চার আর্চারের মধ্যে তিন জন ‘বাই’ পেয়ে উঠেছেন শেষ ষোলোয়।
পুরুষদের রিকার্ভ বিভাগে ৬২ প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর গড়ে ষষ্ঠ হয়েছেন রাম কৃষ্ণ। বাংলাদেশের বাকি তিন আর্চার মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে ৪১তম হয়েছেন।
রিকার্ভ পুরুষ এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে বাংলাদেশের চার আর্চারই ‘বাই’ পেয়েছেন। রাম কৃষ্ণ সাহা দুটি ‘বাই’ পেয়ে এক লাফে পৌঁছে গেছেন সেরা-১৬-তে।
