ওয়েস্ট হ্যামের মাঠে পয়েন্ট হারাল সিটি
এক ম্যাচ কম খেলা পেপ গুয়ার্দিওলার দল আর্সেনালের চেয়ে পিছিয়ে থাকল ৯ পয়েন্টে।
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। তাতে শিরোপার পথে আরও এগিয়ে গেল আর্সেনাল।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে শনিবার অসংখ্য সুযোগ হাতছাড়া করে ১-১ ড্র পেপ গুয়ার্দিওলার দল। এই প্রতিযোগিতায় নিজেদের সবশেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-২ ড্র করেছিল তারা।
৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। এদিনই এভারটনের বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয় পেয়েছে তারা।
৭১ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৫ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে সিটি। এর কেবল একটি যায় জালে। অন্য দিকে রক্ষণে দুর্দান্ত দৃঢ়তা দেখানো ওয়েস্ট হ্যামের গোলের জন্য নেওয়া একমাত্র শটই যায় জালে!
প্রতিপক্ষের মাঠে ৩১তম মিনিটে এগিয়ে যায় সিটি। ওমার মার্মাউশের কাছ থেকে বল পেয়ে দুরূহ কোণ থেকে চমৎকার লবে জাল খুঁজে নেন বের্নার্দো সিলভা।
জবাব দিতে বেশি সময় নেয়নি ওয়েস্ট হ্যাম। ৩৫তম মিনিটে সমতা ফেরায় স্বাগতিকরা। জ্যারড বাউয়েনের কর্নার বিপদমুক্ত করতে পারেননি সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। হেডে জাল খুঁজে নেন কনস্টান্টিনোস মাভ্রোপানোস।
দ্বিতীয়ার্ধে আক্রমণের জোয়ারে ওয়েস্ট হ্যামকে যেন ভাসিয়ে দিতে চেয়েছিল সিটি। তৈরি করেছিল অসংখ্য সুযোগ। কিন্তু এর কোনোটিই কাজে লাগাতে পারেননি আর্লিং হলান্ড, হায়ান শেহকি, ফিল ফোডেনরা। তাতে হারের অনুভূতি নিয়ে মাঠ ছাড়েন তারা।
প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়া সিটি চ্যাম্পিয়ন্স লিগেও নেই ভালো অবস্থানে। শেষ ষোলোর প্রথম লেগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে হেরে বিদায়ের শঙ্কা তাদের সামনে।
