২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের আগেই যুক্তরাষ্ট্রে মুখোমুখি ব্রাজিল-ফ্রান্স

বিশ্বকাপের মহড়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে লড়বে দুইবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 10:45 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতির ক্ষেত্র তৈরি করে নিয়েছে ব্রাজিল ও ফ্রান্স। বিশ্ব আসরের উত্তেজনার খানিকটা আঁচ মিলবে এই দুই দলের লড়াইয়ে। আগামী মার্চে যুক্তরাষ্ট্রে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ জালো শুক্রবার এই ম্যাচের ঘোষণা দিয়েছেন। ব্রাজিলের সঙ্গে লড়াইয়ের আগে কলম্বিয়ার সঙ্গেও খেলবে ফ্রান্স।

আগামী ২৩ মার্চ ফ্লোরিডায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে গত বিশ্বকাপের রানার্স আপরা, ৩১ মার্চ ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা বস্টনে।

বিশ্বকাপের আগে এই ম্যাচ দুটি ফ্রান্সের প্রস্তুতির জন্য আদর্শ হবে বলেই মনে করেন ফেডারেশনের সভাপতি।

“কোনো কিছু এখনও স্বাক্ষরিক হয়নি। তবে আগামী মার্চে মর্যাদাপূর্ণ দুই প্রতিপক্ষের সঙ্গে আমেরিকায় আমাদের মাঠে নামার সবকিছু ঠিকঠাক পথেই এগোচ্ছে। আমার মনে হয়, এটিই উপযুক্ত এক সুযোগ, যেহেতু বিশ্বকাপ সেখানেই হবে।”

“ব্রাজিল তো বাছাই দল থাকবে, কাজেই গ্রুপ পর্বে নিশ্চিতভাবেই তাদের সঙ্গে দেখা হবে না আমাদের। কলম্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারি। দেখা যাক, দিদিয়ে দেশম (ফ্রান্সের কোচ) কী বলে। আপাতত আমরা ড্রয়ের অপেক্ষা করছি, এর আগে ভালোভাবেই অগ্রসর হচ্ছি।”

আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডি.সিতে হবে বিশ্বকাপের ড্র। এক নম্বর পটে থাকবে ব্রাজিল ও ফ্রান্স, দুই নম্বর পটে কলম্বিয়া।

এই দুটি ম্যাচই শেষ নয়। বিশ্বকাপের ঠিক আগে জুন মাসের শুরুতে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই ম্যাচ দুটি হবে দেশের মাঠে।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ছয় ম্যাচের পাঁচটি জিতে ও একটিতে ড্র করে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফ্রান্স।