১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ক্ষমা চাইতে হবে না, গোল করুক আলভারেস’

মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেস-আলমেইদা বলেছেন, আতলেতিকো মাদ্রিদ ছাড়ার ইচ্ছার কথা বলে ক্লাব সমর্থকদের কষ্ট দিয়েছেন হুলিয়ান আলভারেস।

‘ক্ষমা চাইতে হবে না, গোল করুক আলভারেস’
হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 10:12 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

হুলিয়ান আলভারেসের ক্লাব ছাড়ার ইচ্ছাকে ভালোভাবে নেননি আতলেতিকো মাদ্রিদের সমর্থকেরা। তাদেরই একজন মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেস-আলমেইদা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের আচরণে কষ্ট পেয়েছেন তিনিও। তবে আলভারেস ক্ষমা চাইবে, এমন দাবি নেই তার। বরং দলের হয়ে মাঠে নেমে গোল করে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

উত্তর আমেরিকা বিশ্বকাপ চলার মাঝে আলভারেস জানান, তিনি অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছার কথা ক্লাবকে জানিয়ে দিয়েছেন। সেই থেকেই ক্লাবের সমর্থকদের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে।

আলভারেসকে দলে নিতে চেষ্টা চালায় বার্সেলোনা। কিন্তু কোনোভাবেই তাকে ছাড়তে রাজি হয়নি আতলেতিকো। খবর বের হয়, এই স্ট্রাইকারকে দলে টানতে চেয়েছিল আর্সেনালও। কিন্তু কারো কাছেই আলভারেসকে বিক্রি করেনি আতলেতিকো।

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে অবশ্য ঠিক সময়েই ক্লাবে যোগ দেন তিনি। কিন্তু ক্লাবটির সমর্থকদের কাছে তার অবস্থান এখন আর আগের মতো নেই।

গত ২৩ অগাস্ট লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ২-২ ড্র ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় তাকে দুয়ো দেওয়া হয়। বদলি খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণার সময়ও তাকে বিদ্রূপ শুনতে হয়। দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামার পর আরও জোরাল হয় দুয়োধ্বনি। এই বিরূপ পরিস্থিতির প্রভাবও পড়ে তার ওপর; তাকে সেদিন খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল।

ওই ঘটনার পর, দলের তৃতীয় ম্যাচে সেভিয়ার বিপক্ষে খেলেননি আলভারেস। ওই সময় তিন দিন অনুশীলনও করেননি তিনি। পরে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন এই ফুটবলার। আর বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রথমবার খেলেন পুরো ৯০ মিনিট।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে কোনো গোল করতে পারেননি আলভারেস। তবে লিভারপুলের বিপক্ষে মার্কোস ইয়োরেন্তের গোলে অ্যাসিস্ট করেন তিনি।

আতলেতিকো মাদ্রিদের সমর্থক মার্তিনেস-আলমেইদা সম্প্রতি কাদেনা কোপকে বলেন, আলভারেসের কাছে এখন গোল ছাড়া আর কিছুই চাওয়ার নেই তাদের।

“হুলিয়ানের ওপর কি আমি ক্ষুব্ধ? হ্যাঁ। সেই রাগ দেখিয়ে কি আমাদের কোনো লাভ হবে? না। আতলেতিকোর সমর্থকদের মধ্যে এ নিয়ে বিতর্ক হতে পারে। আমি হুলিয়ানকে ক্ষমা চাইতে বলছি না, আমি চাই সে গোল করুক।”

তার মতে, সবাই মিলে এখন আলভারেসকে সেরা ছন্দে ফেরাতে হবে।

“আমাদের সবার এখন যা করতে হবে, তা হলো হুলিয়ানকে আবার ছন্দে ফেরানো। কারণ তা না হলে আগামী বছর তার মূল্য অর্ধেকে নেমে আসবে- এটা ছাড়াও আরও অনেক বিষয় আছে।

“যদিও তার ‘আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই’ মন্তব্য আমাদের কষ্ট দিয়েছে, আমার মনে হয় না, সে ক্ষমা চাইলে কোনো লাভ হবে। আমাদের এখন তাকে গোল করতে বলা এবং গোল করার ভিত্তিতেই তার বিচার করতে হবে।”

২০২৪ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে ৮ কোটি ১৫ লাখ পাউন্ডে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচে ৪৯ গোল ও ১৮টি অ্যাসিস্ট করেছেন তিনি।