১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ে অন্তিম মুহূর্তে গোল খেয়ে হারল লিভারপুল

প্রিমিয়ার লিগে টানা চার ড্রয়ের পর এবার পরাজয়ের তেতো স্বাদ পেল আর্না স্লটের দল।

রোমাঞ্চকর লড়াইয়ে অন্তিম মুহূর্তে গোল খেয়ে হারল লিভারপুল
প্রিমিয়ার লিগে লিভারপুলের ব্যর্থ পথচলা দীর্ঘ হলো আরও। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 02:00 AM

Updated : 26 Aug 2026, 02:47 PM

অন্য মঞ্চে জয়ের দেখা পেলেও, প্রিমিয়ার লিগে ব্যর্থতা ঝেড়ে ফেলতে পারল না লিভারপুল। বরং আরও বেশি হতাশা ঘিরে ধরল দলটিকে। বোর্নমাউথের বিপক্ষে দুই গোল হজমের পর, ঘুরে দাঁড়িয়ে অন্তত একটি পয়েন্ট পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল আর্না স্লটের দল। শেষ মুহূর্তে সেই আশাও মিথ্যা হয়ে গেল তাদের।

ভাইটালিটি স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে শিরোপাধারীদের ৩-২ গোলে হারিয়ে দিয়েছে বোর্নমাউথ।

এভানিলসন ও আলেক্স হিমেনেসের গোলে ব্যকফুটে চলে যাওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান কমান লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। দ্বিতীয়ার্ধে দমিনিক সোবোসলাইয়ের দর্শনীয় গোলে সমতায়ও ফেরে তারা। কিন্তু একেবারে শেষ সময়ে এমিন আদলির লক্ষভেদে জয়ের উল্লাসে মাতে বোর্নমাউথ। 

২৩ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে আছে লিভারপুল। শীর্ষস্থান থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে তারা, ব্যবধান বাড়তে পারে আরও। কারণ ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল একটি ম্যাচ কম খেলেছে।

২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা।

প্রিমিয়ার লিগে টানা চার ড্রয়ের মাঝে গত ১২ জানুয়ারি এফএ কাপে একটি জয় পায় লিভারপুল। সবশেষ ম্যাচে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইকে ৩-০ গোলে উড়িয়ে দেয় তারা। কিন্তু ঘরোয়া লিগে ফিরে আবার পথ হারিয়ে ফেলল স্লটের দল।

ডি-বক্সে রক্ষণের দুর্বলতায় ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। মাঝমাঠ থেকে উড়ে আসা বল আয়ত্তের মধ্যে পেয়েও ক্লিয়ার করতে পারেননি ভার্জিল ফন ডাউক, বল ধরেই বাইলাইন থেকে কাটব্যাক করেন অ্যালেক্স স্কট, ছয় গজ বক্সের মুখ থেকে জোরাল শটে গোলটি করেন এভানিলসন।

ওই ধাক্কা সামলে নেওয়ার আগেই দ্বিতীয় গোল হজম করে লিভারপুল। ৩৩তম মিনিটে জেমস হিলের থ্রু পাস ডি-বক্সে পেয়ে, প্রথম ছোঁয়ায় নিচু শটে আলিসনের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান হিমেনেস।

পেশাদার ফুটবলে এই প্রথম গোল করলেন ২০ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ায় লিভারপুল। সোবোসলাইয়ের কর্নারে হেড করার চেষ্টা করেন ফন ডাইক, বল তার কাঁধের পেছনের দিকে লেগে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

গোলের পর ডাচ ডিফেন্ডার ফন ডাইক কোনোরকম উল্লাস করেননি, এমনকি তার মুখে হাসিও ছিল না। প্রতিপক্ষের প্রথম গোলের সময়ে করা ওই ভুলের পর এটা বরং তার জন্য কিছুটা স্বস্তির।

৮০তম মিনিটে সোবোসলাইয়ের অসাধারণ এক গোলে সমতায় ফেরে লিভারপুল। 

মার্সেইয়ের বিপক্ষে কৌশলী ফ্রি কিকে রক্ষণ-প্রাচীরের নিচ দিয়ে জালে বল পাঠিয়েছিলেন তিনি। এবার পরিকল্পনায় পরিবর্তন আনেন তারা; সালাহ ছুটে গিয়ে বল একটু সরিয়ে দিলেন আর বুলেট গতির একটু বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন হাঙ্গেরির এই মিডফিল্ডার।

পরের মিনিটেই আবার এগিয়ে যেতে পারতো বোর্নমাউথ। তবে রায়ান ক্রিস্টির ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকান আলিসন।

শেষের বাঁশি বাজতে তখন আর অল্প কিছুক্ষণ বাকি। শেষবারের মতো আক্রমণ শাণাল বোর্নমাউথ এবং ফের রক্ষণে এলোমেলো হয়ে পড়ল লিভারপুল। জটলার মধ্যে কেউ পারলেন না বল ক্লিয়ার করতে, আলিসনও পারলেন না গ্লাভসে নিতে। পোস্টের কাছে এক ফাঁকে বল পেয়েই শট নিলেন ফরাসি ফরোয়ার্ড আদলি, বল জালে জড়াতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল বোর্নমাউথ।

ভিএআরের যাচাইয়ের পর, রেফারি গোলের বাঁশি বাজাতেই স্বাগতিকদের আরেক দফা উল্লাস এবং মুহূর্ত পরই শেষের বাঁশি।

এই জয়ে দুই ধাপ এগিয়েছে বোর্নমাউথ। ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে দলটি।