২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে ‘নাম্বার-নাইনের’ শূন্যতা পূরণের প্রতিশ্রুতি ইমনের

সুযোগ পেলে শক্তিশালী ভারতের বিপক্ষে ভালো কিছু করতে উন্মুখ হয়ে আছেন তরুণ মিডফিল্ডার চন্দন রায়ও।

ভারতের বিপক্ষে ‘নাম্বার-নাইনের’ শূন্যতা পূরণের প্রতিশ্রুতি ইমনের
ভারত ম্যাচ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইমন-চন্দনরা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2025, 11:30 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানো, ডিফেন্ডারদের ব‍্যস্ত করে তোলা, গোল করা ও গোলে সহায়তা করা- একজন নাম্বার-৯ এর কাজ মূলত এগুলোই। বাংলাদেশ দলে এই ভূমিকায় প্রভাব রাখা খেলোয়াড়ের সংকট অনেক দিনের। সেই শুন্যতা পূরণ করতে চান শাহরিয়ার ইমন।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ইমনের মতো সেরাটা নিংড়ে দিতে উন্মুখ চন্দন রায়ও। সৌদি আরবের তাইয়েফে চলমান ক্যাম্পে অনুশীলনের ফাঁকে এই মিডফিল্ডারও প্রত্যয়ী কণ্ঠে দিলেন গোল করা ও করানোর প্রতিশ্রুতি।

শিলংয়ে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাকি সতীর্থদের মতো চূড়ান্ত দলে জায়গা পেতে সেরাটা নিংড়ে দিচ্ছেন ইমন, চন্দনরা।

নিকট অতীতে বাংলাদেশ দলে নাম্বার-নাইন পজিশনে খেলেছেন সুমন রেজা। তিনি এবার দলে নেই। এই পজিশনে একটু-আধটু খেলার অভিজ্ঞতা আছে বর্তমানে ক্যাম্পে থাকা পিয়াস আহমেদ নোভার। গত মৌসুমে মোহামেডানের হয়ে এবং এ মৌসুমে আবাহনীর জার্সিতে এই পজিশনে খেলেছেন ইমন। জাতীয় দলেও ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলতে চান একই জায়গায়।

“ট্রেনিং ভালো চলছে। সবকিছুর সাথে মানিয়ে নিচ্ছি আমরা। শিলংয়ের আবহাওয়ার সাথে এখানকার আবহাওয়ার মিল আছে। আমি জানি, আমার পজিশনে খেলা অনেক কঠিন, অনেক চেষ্টা করছি, কঠোর পরিশ্রম করছি, কোচ যেভাবে বলছে, সে অনুযায়ী খেলার চেষ্টা করছি এবং ভারতের শক্তি ও দুর্বলতার দিক খুঁজে বের করে সে অনুযায়ী খেলার চেষ্টা করছি আমরা।”

“বাংলাদেশে নাম্বার-নাইন পজিশনে খেলা ফুটবলারের অনেক অভাব। বর্তমানে এই পজিশনে খেলছি এবং আমি এই পজিশনে দায়িত্ব পালন করতে চাই। আমি চাই আমার দ্বারা দল গোল পাক, আমি গোল করি কিংবা অ্যাসিস্ট করি।”

ভারত ম্যাচ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইমন-চন্দনরা। ছবি: বাফুফে

ভারত ম্যাচ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইমন-চন্দনরা

জাতীয় দলের মাঝমাঠে চার ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে চন্দনের। ১৭ বছর বয়সী এই তরুণ উন্মুখ হয়ে আছেন ভারত ম্যাচ নিয়ে। বয়স কম বলে সিনিয়র ও অভিজ্ঞদের সাথে তাল মেলাতে একটু কষ্ট হচ্ছে বটে, তবে চেষ্টার কমতি রাখছেন না তিনি।

“আগেও আমি সৌদি আরবে ক্যাম্পে ট্রেনিং করেছি। এবার সবাই খুব ভীষণ সহযোগিতা করছে। বলছে, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, আমিও সেগুলো করছি মাঠে। অনেক সমর্থন পাওয়ার কারণে আমরা আরও উৎসাহ পাচ্ছি।”

“বয়সভিত্তিক ও জাতীয় দলের অনেক কিছুই একই রকম। তবে জাতীয় দলে অনেক ইনটেনসিটি থাকে, অনেক সিনিয়র এবং বড় মাপের খেলোয়াড় থাকে। তাদের সাথে খেলতে আমাদের মতো জুনিয়রদের অনেক প্রাণশক্তি লাগে। বয়সভিত্তিক দলে আমরা সবাই সমবয়সী থাকি, এখানে (জাতীয় দলে) এটাই পার্থক্য। আমি এফোর্ট দিচ্ছি, কোচ যেটা চাচ্ছে, সেটা করার অনেক চেষ্টা করছি। সুযোগ পেলে গোল ও অ্যাসিস্ট করার ইচ্ছা আছে।”