২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ও বিদেশি কোটায় ৪ জনকে সুযোগ দেওয়ার দাবি খেলোয়াড় কল্যাণ সমিতির

সাফ কোটা পুরোপুরি বাতিলের আগের দাবি থেকে সরে এসেছে খেলোয়াড় কল্যাণ সমিতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 06:53 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

সাফ কোটায় ‘বাংলাদেশি’ হিসেবে পাঁচ জনকে খেলানোর সুযোগ পুরোপুরি বাতিলের দাবি থেকে সরে এসেছে খেলোয়াড় কল্যাণ সমিতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে তারা সাফ ও বিদেশি কোটায় মোট চার জনকে সুযোগ দেওয়ার প্রস্তাবনা দিয়েছে।

গত মৌসুমে সাফ কোটায় প্রতিটি ক্লাবকে পাঁচ জনকে খেলানোর সুযোগ দিয়েছিল বাফুফে। এই পাঁচ জন ‘স্থানীয় ফুটবলার’ হিসেবে সুযোগ পেতেন। বিদেশি কোটায় খেলার অনুমতি ছিল তিন জনের।

কদিন আগে খেলোয়াড় কল্যাণ সমিতি সাফ কোটা বাতিলের আবেদন করে। এ নিয়ে বাফুফে কর্তারা ইতোমধ্যে একাধিকবার আলোচনায় বসেছেন, নির্বাহী কমিটির সভায়ও আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও।

বাফুফে ভবনে নির্বাহী কমিটির দুজন কর্মকর্তার সাথে রোববার আলোচনায় বসেন খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিনিধিরা। মামুনুল ইসলাম খেলোয়াড় কল্যাণ সমিতির প্রতিনিধি হিসেবে আসেন। সেখানে তারা আগের দাবি থেকে কিছুটা সরে এসে দুই জন সাফের খেলোয়াড় বাংলাদেশি মর্যাদায় এবং দুই জন বিদেশি খেলোয়াড়ের সুযোগ দেওয়ার প্রস্তাবনা দিয়েছেন।

বৈঠক শেষে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম গণমাধ্যমকর্মীদের কাছে আশাবাদ জানান, বাফুফে তাদের দাবি বিবেচনা করবে।

“আমরা ফেডারেশনের কাছে দুইজন সার্ক ও বিদেশি কোটা দাবি রেখেছি। আশা করি, ফেডারেশন আমাদের দাবি বিবেচনা করবে। আমরা চাই ফুটবলার, ক্লাব ও ফেডারেশন—সবার সঙ্গে সুসম্পর্ক থাকুক। সাফের যেহেতু একটি সিদ্ধান্ত আছে, এই অঞ্চলের ফুটবলাররা একে অপরের দেশে স্থানীয় হিসেবে খেলতে পারবে। আমরাও চাই সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক থাকুক।”

বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, নির্বাহী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নিবেন তারা।

“ফুটবলারদের নতুন দাবিগুলো আমরা পেয়েছি। সেটা সভাপতিকে জানানো হবে এবং নির্বাহী কমিটির সভায় বিষয়টি পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”