Published : 07 Jul 2026, 12:10 PM
আধুনিক ফুটবল কোথায় পৌঁছে গেছে বোঝাতে কেইপ ভার্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের উদাহরণ টেনেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ফুটবল এখন কত বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয় বোঝাতে লেয়ান্দ্রো পারেদেস সামনে আনলেন নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ। সেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হার থেকে সতীর্থদের সাবধান করে দিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার।
শেষ ষোলোয় বাংলাদেশ সময় ৭ জুলাই ১০টায় (পিএম) আটলান্টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
শেষ বত্রিশে তারা আফ্রিকার নবাগত দেশ কেইপ ভার্ডের বিপক্ষে জয় পেয়েছে অনেক ভোগান্তির পর। মিশরের বিপক্ষে চ্যালেঞ্জ আরও বেশিই থাকার কথা। সতীর্থদের তেমন কিছুর জন্যই তৈরি হতে বললেন পারেদেস।
“আমরা জানি যে, প্রতিটি জাতীয় দলই খুব লড়াকু। যে কেউ যে কাউকে হারাতে পারে। অবশ্য (নরওয়ের বিপক্ষে হেরে) টুর্নামেন্ট থেকে ব্রাজিলের বিদায় দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এখানে কোনো সহজ ম্যাচ নেই। প্রতিটি দলই খুব ভালোভাবে প্রস্তুত।”
ডিফেন্ডার মলিনা নিশ্চিত, অন্য সব দলের মতোই মিশরের খেলোয়াড়রা মাঠে নিজেদের সবটুকু দেবেন। তাতে আর্জেন্টিনার কাজটা হবে অনেক কঠিন।
“দিন শেষে কেউ আপনাকে কোনো কিছু ছেড়ে দেবে না। সব প্রতিপক্ষই আপনাকে বিশ্লেষণ করবে, সবাই নিজেদের জাতীয় দলের জন্য নিজেদের উজাড় করে দেবে। আমাদের দিক থেকে, বরাবরের মতোই আমরা মূল ভূমিকায় থাকা এবং সম্ভাব্য সেরা উপায়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার চেষ্টা করব।”