মারিয়া-ঋতুপর্ণাদের প্রচেষ্টার জন্য দশে দশ দিলেন বাটলার
শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে হারের পরও দারুণ লড়াইয়ের জন্য কোচের পূর্ণ মার্কস পেলেন ফুটবলাররা।
মালয়েশিয়া ম্যাচের পর যে রুদ্রমূর্তিতে ধরা দিয়েছিলেন পিটার জেমস বাটলার, আজারবাইজানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে তেমনটা দেখা গেল না। এদিন তিনি বেশ শান্ত। হারের হতাশা থাকলেও ঋতুপর্ণা-মনিকাদের পারফরম্যান্সের প্রশংসা করলেন। তবে, ‘মার্কস’ দেওয়ার প্রশ্নে এই ইংলিশ কোচ শুরুতে বললেন, এক্ষেত্রে তিনি উদার নন। প্রচেষ্টার জন্য অবশ্য শেষে ফুটবলারদের দশে দশ-ই দিলেন বাটলার।
জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। আজারবাইজানের বিপক্ষে পিছিয়ে পড়া দলকে দৃষ্টিনন্দন গোলে সমতায় ফিরিয়েছিলেন মারিয়া মান্দা, কিন্তু পরে আরেক গোল হজম করে হেরে যায় দল।
মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচের তুলনায় আজারবাইজানের বিপক্ষে গোছাল ছিল আফঈদা-নবীরনদের খেলা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজানের বিপক্ষে মেয়েদের নিবেদনের তাই তারিফ করলেন বাটলার।
“মার্কস দেওয়ার ক্ষেত্রে আমি আসলেই খুব খারাপ। এক্ষেত্রে আমি কখনই উদার নই। কেননা, আমি সবসময় আরও বেশি চাই। তবে, আমি মনে করি, পরিকল্পনা বাস্তবায়নে মেয়েদের যে প্রচেষ্টা ছিল, তা দশে দশ।”
“আমরা যে দলটার বিপক্ষে খেললাম, পেশাদার পর্যায়ে তারা প্রতি দিন, প্রতি সপ্তাহে খেলে। তাদের বিপক্ষে ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক নেওয়ার আছে আমাদের। যদি আপনারা প্রচেষ্টার কথা বলেন, আমি মেয়েদের দশে দশ দেব। যদি আপনারা মানের কথা বলেন, তাহলে সম্ভবত পাঁচ, ছয় দেব, খুব উদার হলে সাত দেব।”
এ নিয়ে টানা চার ম্যাচ হারল বাংলাদেশ। তবে ম্যাচের ফলের চেয়ে আগামী মার্চের উইমেন’স এশিয়ান কাপ সামনে রেখে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের আরও ঝালিয়ে নেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন বাটলার। শক্তিশালী দলের বিপক্ষে খেলার গুরুত্ব তুলে ধরতে গিয়ে সাফের টুর্নামেন্টগুলোরও সমালোচনা তিনি করলেন।
“যদি সম্ভব হয়, উইমেন’স এশিয়ান কাপ শুরুর আগ পর্যন্ত আমি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাইব। যদি আমরা হারিও, তবু সেখান থেকে আমরা কিছু শিখব। এই মেয়েরা সাফের টুর্নামেন্ট খেলতে অভ্যস্ত, সাফের মান ভয়ানক বাজে। এটি উঁচু মানের নয়। আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এএফসি পর্যায়ে।”
