ইংল্যান্ড একাদশে ‘সম্ভাব্য’ পরিবর্তন নিয়ে নিশ্চুপ সাউথগেট
নিজেদের পরিকল্পনা প্রতিপক্ষ জেনে যাবে, তাই স্লোভেনিয়া ম্যাচের একাদশ নিয়ে কিছু বলতে নারাজ ইংল্যান্ড কোচ।
ইউরোর শেষ ষোলোয় জায়গা নিশ্চিত হয়ে গেছে। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে পরিবর্তন আনতে পারেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। বিশেষ করে মাঝমাঠে দেখা যেতে পারে বদল। এসব নিয়ে সংবাদ সম্মেলনে অবশ্য মুখ খুললেন না দলটির কোচ গ্যারেথ সাউথগেট।
চলমান ইউরোয় ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে সোমবার আলবেনিয়াকে ১-০ গোলে হারায় স্পেন। আর এই ফলাফলে ‘সি’ গ্রুপ থেকে নক আউট পর্ব নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে আছে তারা। প্রতিটি গ্রুপের প্রথম দুই দল বাদেও তৃতীয় স্থানে থাকা চারটি সেরা দল উঠবে পরের ধাপে, আর অন্তত এই চার দলের অংশ হিসেবেই পরের ধাপে ওঠা নিশ্চিত ইংলিশদের।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার স্লোভেনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ধারণা করা হচ্ছে, এই ম্যাচে অভিজ্ঞ মিডফিল্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের জায়গায় শুরুর একাদশে কনর গ্যালাগারকে খেলাতে পারেন সাউথগেট।
ডেনমার্কের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে দ্বিতীয়ার্ধের নবম মিনিটে তুলে নেন সাউথগেট। লিভারপুলের এই ফুটবলারের বদলি হিসেবে নামান চেলসির মিডফিল্ডার গ্যালাগারকে।
আসন্ন ম্যাচে একাদশে সম্ভাব্য পরিবর্তন নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে সাউটগেট বলেন, আপাতত বিষয়টি গোপন রাখতে চান তিনি।
“প্রতিপক্ষ যখন সবকিছু শুনছে, তখন আমি অবশ্যই বিস্তারিত বলতে চাই না। আমি এখানে বসে যত খুশি কথা বলতে পারি; কিন্তু যতক্ষণ না আমরা মাঠে গিয়ে পারফর্ম করব ততক্ষণ এটা অপ্রাসঙ্গিক।”
‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে মঙ্গলবার সার্বিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ডেনিশরা। স্লোভেনিয়ার পয়েন্টও ২, তারা আছে তৃতীয় স্থানে। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সার্বিয়া।
