আরেক কীর্তি গড়ে রোনালদো এখন ৯৭৭
পেশাদার ক্যারিয়ারের ২৫তম মৌসুমে প্রথমবার খেলতে নেমেই চমৎকার গোল করলেন ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি নামানো হলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। গোলের দেখা পেতে বেশি সময় লাগল না তার। চমৎকার এক গোল করে নতুন মৌসুম শুরু করলেন পর্তুগিজ মহাতারকা।
সৌদি প্রো লিগে শুক্রবার আল রিয়াদের বিপক্ষে আল নাস্রের ৪-০ ব্যবধানের জয়ে চতুর্থ গোলটি করেন রোনালদো।
পেশাদার ক্যারিয়ারের ২৫তম মৌসুমে প্রথমবার মাঠে নেমেই গোল করলেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ মৌসুমে গোল করার কীর্তি গড়লেন তিনি।
হাজার গোলের মাইলফলকের পেছনে ছুটে চলা রোনালদোর গোলসংখ্যা হলো ৯৭৭টি।
প্রথমার্ধে বেঞ্চে থাকা রোনালদো মাঠে নামেন ৬২তম মিনিটে, ততক্ষণে ৩-০ গোলে এগিয়ে তার দল। ২০ মিনিট পর ব্যবধান আরও বাড়ান তিনি।
ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে, শরীরটা ঘুরিয়ে নিয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন রোনালদো।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আল নাস্র।
