৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হাউসেনের রিলিজ ক্লজের পাঁচ কোটি পাউন্ড দিতে ‘প্রস্তুত’ রেয়াল মাদ্রিদ

ক্লাব বিশ্বকাপের আগেই তরুণ এই ডিফেন্ডারকে মাদ্রিদের ক্লাবটি দলে পেতে চায় বলে বিবিসির খবর।

হাউসেনের রিলিজ ক্লজের পাঁচ কোটি পাউন্ড দিতে ‘প্রস্তুত’ রেয়াল মাদ্রিদ
স্প্যানিশ ডিফেন্ডার ডিন হাউসেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 06:36 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

চোটজর্জর রক্ষণভাগে নতুন অস্ত্র যোগ করতে উঠেপড়ে লেগেছে রেয়াল মাদ্রিদ। বিবিসির খবর, বোর্নমাউথের তরুণ ডিফেন্ডার ডিন হাউসেনকে কিনতে পাঁচ কোটি পাউন্ড দিতে প্রস্তুত মাদ্রিদের ক্লাবটি।

১২ মাসের কম সময় আগে বোর্নমাউথের সঙ্গে চুক্তি করেছিলেন হাউসেন। এরপর মাঝে ইংল্যান্ডে থেকে যেতে কয়েকটি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তবে রেয়াল মাদ্রিদের প্রস্তাব যেন আর উপক্ষা করতে পারেননি ২০ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

কোনো ক্লাবের পক্ষ থেকেই অবশ্য খবরটি নিশ্চিত করা হয়নি। তবে বিবিসির বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, হাউসেনের রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে সম্মত হয়েছে রেয়াল মাদ্রিদ। পুরো অর্থ অবশ্য তিন কিস্তিতে পরিশোধ করবে তারা, যার ১০ শতাংশ পাবে এই খেলোয়াড়ের সাবেক ক্লাব ইউভেন্তুস ও ৫ শতাংশ পাবে তার শৈশবের ক্লাব মালাগা।

বিভিন্ন সূত্র থেকে বিবিসি জানতে পেরেছে, রেয়ালের সঙ্গে ব্যক্তিগত কিছু শর্ত নিয়ে সমঝোতার কাছে আছে হাউসেন। দ্রুতই এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

নেদারল্যান্ডসে জন্ম নেওয়া হাউসেন দেশটির বয়সভিত্তিক দলেও খেলেছেন। তবে সিনিয়র ফুটবলে তিনি বেছে নিয়েছেন স্পেনকে। ইতোমধ্যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামা হাউসেন চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছেন। 

সব প্রতিযোগিতা মিলিয়ে বোর্নমাউথের জার্সিতে ৩৪ ম্যাচ খেলেছেন তিনি, তিনটি গোলও করেছেন। সবকিছু ‘পরিকল্পনা মতো’ এগোলে প্রিমিয়ার লিগ থেকে দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে রেয়ালে পাড়ি জমাবেন হাউসেন। লিভারপুলের রাইট-ব্যাক ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডেরও সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়ার জোর গুঞ্জন আছে।

চলতি মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় প্রবলভাবে ভুগছে রেয়াল মাদ্রিদ। বুধবার রাতে সবশেষ ম্যাচেই যেমন, চোটের ছোবলে মূল খেলোয়াড়দের ১২ জনকে ছাড়া মায়োর্কার বিপক্ষে খেলতে নামে তারা। অন্তিম সময়ের গোলে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে রক্ষণে প্রথম পছন্দের কাউকেই পাননি কোচ কার্লো আনচেলত্তি।

অন্য সব প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে পড়া রেয়ালের লা লিগার শিরোপা ধরে রাখার সম্ভাবনাও প্রায় শেষ। বৃহস্পতিবার বার্সেলোনা নিজেদের ম্যাচ জিতে গেলেই খালি হাতে মৌসুম শেষ করবে ইউরোপের সফলতম ক্লাবটি।

তবে আগামী জুন-জুলাইয়ে মাঠে গড়াবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। এর আগেই অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও হাউসেনকে দলে টানতে রেয়াল মাদ্রিদ জোর চেষ্টা করছে বলেও লিখেছে বিবিসি।