উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 06 Jun 2026, 06:22 PM
গত তিন ম্যাচে বদলি খেলা তহুরা খাতুন অবশেষে ফিরলেন সেরা একাদশে। ভারতের বিপক্ষে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের মহারণে দলের আক্রমণভাগের কেন্দ্রে এই ফরোয়ার্ড।
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল। ঘরের মাঠে ভারত নামবে ২০১৯ সালের পর শিরোপা ফিরে পাওয়ার স্বপ্ন নিয়ে। বাংলাদেশ মুখিয়ে হ্যাটট্রিক শিরোপা জিততে।
চলতি আসরে বাটলার সেমি-ফাইনাল পর্যন্ত আক্রমণভাগের সামনে আনিকা রানিয়া সিদ্দিকীকে রেখে ছক কষেছেন। মালদ্বীপের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১১ সেকেন্ডে গোল করা সুইডেন প্রবাসী এই ফরোয়ার্ড পরের ম্যাচগুলোতে পারেননি গোলের দাবি মেটাতে।
ফাইনালে আনিকাকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলাবেন কোচ। তার সামনে থাকবেন, গত সাফে দলের হয়ে সর্বোচ্চ পাঁচ গোল করা তহুরা।
সেরা একাদশে জায়গা হারিয়েছেন উমহেলা মারমা ও সুরভি আকন্দ প্রীতি। ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র। ফলে, ভারত ম্যাচে দুই উইং দিয়ে আক্রমণ শাণানোর ভার থাকছে ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়রের ওপর।
চলতি আসরে এখন পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছে ভারত। প্রতিপক্ষের জালে গোল করেছে ১৫টি। বাংলাদেশ গোল দিয়েছে পাঁচটি, খেয়েছে ছয়টি। নেপালের বিপক্ষে সেমি-ফাইনালে শেষ দিকে প্রীতি রায়ের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
গত তিন ম্যাচেই তহুরা বদলি নেমে খেলতে পেরেছেন ৩১, ১৩ ও ৫০ যোগে মোট ৯৪ মিনিট। গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে তহুরা মাঠে নামেন ৫৯তম মিনিটে আনিকা রানিয়া সিদ্দিকীর বদলি হিসেবে।
পরের ম্যাচ ভারতের বিপক্ষে ৭৭তম মিনিটে মোমিতা খাতুনের বদলি নামেন তহুরা। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড নেপালের বিপক্ষে সেমি-ফাইনালে বদলি নামেন ৪০তম মিনিটে।
দুই বছর আগে নেপালের কাঠমাণ্ডুতে সাফের মুকুট ধরে রাখার পথে গ্রুপ পর্বে ভারতের জালে জোড়া গোল করেছিলেন তহুরা। ম্যাচটিও বাংলাদেশ জিতেছিল ৩-১ ব্যবধানে। ওই আসরে সেমি-ফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে তিনি উপহার দিয়েছিলেন হ্যাটট্রিক।