১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘৩ থেকে ৪ সপ্তাহের’ জন্য মঁদিকে হারাল রেয়াল মাদ্রিদ

হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন এই ফরাসি ডিফেন্ডার ।

‘৩ থেকে ৪ সপ্তাহের’ জন্য মঁদিকে হারাল রেয়াল মাদ্রিদ
ফেরলদ মঁদি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 11:18 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর একটি দুঃসংবাদ শুনতে হলো রেয়াল মাদ্রিদকে। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন ফরাসি ডিফেন্ডার ফেরলদ মঁদি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার ৮৩তম মিনিটে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচটি ১-০ গোলে হেরেও, দুই লেগ মিলিয়ে ২-২ সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় রেয়াল।

ইউরোপ চ্যাম্পিয়নরা পরদিন ক্লাবের ওয়েবসাইটে বিবৃতিতে জানায়, পরীক্ষায় মঁদির বাঁ পায়ের হ্যামস্টিংয়ে চোট ধরা পড়েছে। সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তিন থেকে চার সপ্তাহ বাইরে থাকতে হবে তাকে।

আগামী শনিবার লা লিগায় ভিয়ারেয়াল, আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ২৯ মার্চ লিগে লেগানেস, ১ এপ্রিল কোপা দেল রের ফিরতি লেগে রেয়াল সোসিয়েদাদ ও ৫ এপ্রিল লিগে ভালেন্সিয়ার বিপক্ষে তার খেলার সম্ভাবনা খুব একটা নেই।

৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।