১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আজ রেফারি ছিল খুব বাজে’

রেয়াল মাদ্রিদের বিপক্ষে বিরতির সময় লাল কার্ড দেখা সেভিয়া কোচ মাতিয়াস আলমেইদা কড়া সমালোচনা করলেন রেফারি আলেহান্দ্রো মুনিসের।

‘আজ রেফারি ছিল খুব বাজে’
সেভিয়া কোচ মাতিয়াস আলমাইদা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 03:00 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম‍্যাচে বিরতির সময় লাল কার্ড দেখাটা কোনোমতেই মানতে পারছেন না মাতিয়াস আলমাইদা। রেফারি আলেহান্দ্রো মুনিসের কড়া সমালোচনা করেছেন সেভিয়া কোচ।

চলতি বছরে নিজেদের শেষ ম‍্যাচে ২-০ গোলে হেরেছে সেভিয়া। জুড বেলিংহ‍্যাম প্রথমার্ধে রেয়ালকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সফল স্পট কিকে ব‍্যবধান বাড়িয়েছেন কিলিয়ান এমবাপে। 

প্রথমার্ধে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে হলুদ কার্ড দেখেন আলমাইদা। পরে টানেলে রেফারির সঙ্গে কথা বলার সময় দেখেন আরেকটি। 

দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার মার্কো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিকে কাঠগড়ায় তুললেন দলটির কোচ।

২০ বছরের খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ২০১১ সালে রিভার প্লেটের কোচ হিসেবে কাজ শুরু করেন আলমাইদা। আর্জেন্টিনার হয়ে ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলেন ৪০ ম‍্যাচ। ৫২ বছর বয়সী সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার মনে করিয়ে দিলেন, ফুটবলে তিনি নতুন কেউ নন, খেলার নানা ধাপ পেরিয়েই আজ এখানে এসেছেন তিনি। 

“আমি কোনো সার্কাসের জোকার নই। (এই লাল কার্ড) আমাকে আঘাত করেছে। আমি এ নিয়ে কথা বলতে বাধ‍্য, কারণ তারা বলেছে আমি রেফারিকে অপমান করেছি।” 

টানেলের সেই ঘটনার অডিও অনুসন্ধান করার জন‍্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান আলমাইদা। একই সঙ্গে দাবি করেন, তার সাক্ষী আছে যারা প্রমাণ করতে পারবেন তিনি রেফারিকে অপমান করেননি।

“যদি আমার কথায় সম্মানের ঘাটতি থাকে তো, রেকর্ডিং শোনা যাক। যদি সেখানে অভদ্রতা থাকে, তো শোনা যাক। আমার মূল‍্যবোধ আছে।”

“আজ রেফারি ছিল খুব বাজে। জয়ের জন‍্য আমি রেয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাচ্ছি। আমি বলছি না, এটা থেকে তারা সুবিধা পেয়েছে। তবে আমি আজকের বাজে রেফারিংয়ের বিরুদ্ধে। সে কারণেই আমাকে লাল কার্ড দেখানো হয়েছে।” 

১৭ ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে সেভিয়া। ১৮ ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল। এক ম‍্যাচ কম খেলা বার্সেলোনা ৪৩ পয়েন্ট নিয়ে আছে চূড়ায়।