মেসির গোল, হাতাহাতি করে লাল কার্ড সলিভান ও ব্রাইটের
নিজে গোল করার পাশাপাশি আরেকটি গোলেও অবদান রাখলেন লিওনেল মেসি, শেষ দিকে উত্তপ্ত পরিস্থিতিতে লাল কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান ফুটবলার ক্যাভিন সলিভান।
ম্যাচজুড়ে রোমাঞ্চের রসদ ছিল যথেষ্টই। তবে একদম শেষ সময়ে ছড়াল অন্যরকম উত্তেজনা। ফুটবলের লড়াই হয়ে উঠল যেন মল্লযুদ্ধ। সেটির খেসারত দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ফিলাডেলফিয়ার ক্যাভিন সলিভান। এই লড়াইয়ে যেমন দুজনকে মেনে নিতে হলো একই পরিণতি, তেমনি ম্যাচেও শেষ পর্যন্ত আলাদা করা গেল না দুই দলকে।
মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।
আগের ম্যাচে পেনাল্টিতে ব্যর্থ হওয়ার হতাশা পেছনে ফেলে মায়ামির হয়ে গোল করেন লিওনেল মেসি, অবদান রাখেন আরেকটি গোলেও।
ঘরের মাঠে ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। সলিভানের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে দ্রুতগতি ছুটে ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড দারুণ ক্রস করেন বক্সের ভেতর। সেখানে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান ইন্ডিয়ানা ভাসিলেভ।
মায়ামি সমতায় ফেরে ১০ মিনিট পর। বক্সের একটু বাইরে থেকে মেসি নিখুঁত লব বাড়ান লুইস সুয়ারেসের দিকে। তার মাথা ছুঁইয়ে আসা বলে গোল করেন ড্যানিয়েল পিন্টার।
এর মিনিট পাঁচের পরই এগিয়ে যায় মায়ামি। ইয়ান ফ্রের কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর কারিকুরি করে ফিলাডেলফিয়ার তিন জনের মাঝ দিয়ে বাম পায়ের জোড়াল শটে গোলকিপারকে পরাস্ত করেন মেসি।
৫৮তম মিনিটে বাম প্রান্তে বক্সের সামান্য বাইরে ফ্রি কিক পায় ফিলাডেলফিয়া। মিলান ইলস্কির দুর্দান্ত শটে কাছ থেকে হেডে সমতা ফেরান নিল পিয়ের।
চার মিনিট পর দারুণ আক্রমণ থেকে বল জালে জড়ান ইলস্কি। তবে মাঠের পাশের মনিটরে লম্বা সময় চোখ রেখে অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি।
এরপর একের পর এক সুযোগ হারায় ফিলাডেলফিয়া। ৭১তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সেই ইলস্কিই। গোলকিপারকে একা পেয়েও মেরে দেন তার গায়ে।
৭৮তম মিনিটে ইলস্কির পাস থেকে সলিভানের শট অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। ৯০ মিনিট শেষে যোগ করা হয় ৯ মিনিট। সেটি পেরিয়ে দশম মিনিটে সেই মারামারির ঘটনা।
মায়ামির বক্সে একটি চ্যালেঞ্জে পড়ে যান বদলি হিসেবে মাঠে নামা কুইন সলিভান। উঠে দাঁড়ানোর সময় তার মাথার ওপর হাত দিয়ে চাপ দেওয়ার মতো করেন মায়ামির ইয়ান ফ্রে। কুইনের পায়ে পাড়া দেওয়ার অবস্থাও তার। কুইন উঠে ফ্রের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ভূপাতিত করে ফেলেন।
মায়ামির আরও কয়েকজন ছুটে আসেন। ব্রাইট গিয়ে কুইনকে জোর করে টেনে তোলার চেষ্টা করেন। এটা দেখে ছুটে আসেন কুইনের ছোট ভাই ক্যাভিন সলিভান। ব্রাইটের ওপর হামলে পড়েন তিনি। ব্রাইটও জবাব দেন ধাক্কা দিয়ে। হাতাহাতি চলতে থাকে। একটা পর্যায়ে দুজনকে আলাদা করেন সতীর্থরা। শেষ পর্যন্ত লাল কার্ড দেখানো হয় ক্যাভিন সলিভান ও ব্রাইটকে। কুইন সলিভান পান হলুদ কার্ড। একটু পরই শেষের বাঁশি বাজে।
ক্যাভিন ও কুইন সলিভানের নানি যুক্তরাষ্ট্রপ্রবাসি বাংলাদেশী সুলতানা আলম, যিনি মুক্তিযুদ্ধে রেখেছিলেন উল্লেখযোগ্য ভুমিকা।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন মনে করা হয় ১৬ বছর বয়সী ক্যাভিন সলিভানকে। মেজর লীগ সকারের ইতিহাসে সবচেয়ে দামী স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি ২০২৪ সালে। ১৪ বছর বয়সে মেজর লিগ সকারে মাঠে নেমে গড়েন রেকর্ড। আমেরিকা বা কানাডার কোনো প্রধান পেশাদার ক্রীড়া লীগে অভিষিক্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। বয়স ১৮ হলে যোগ দেবেন তিনি ম্যানচেস্টার সিটিতে। গত বছর ফিলাডেলফিয়ার সাপোর্টার্স শিল্ড জয়ে বড় অবদান ছিল এই মিডফিল্ডারের।
তার বড় ভাই ২২ বছর বয়সী কুইন সলিভান ফিলাডেলফিয়ার হয়ে খেলছেন ২০২১ সাল থেকে। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়েও খেলেছেন তিনি।
তাদের অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সলিভান জাতীয় দলে খেলতে চান বাংলাদেশের হয়ে। গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করে নজর কাড়েন রোনান।
