Published : 05 Jan 2026, 11:50 PM
এই মৌসুমে রেয়াল মাদ্রিদে খুব একটা খেলার সুযোগ না পেয়ে ধারে অলিম্পিক লিওঁতে যোগ দেওয়ার পেছনে কার্লো আনচেলত্তির ভূমিকার কথা বললেন এন্দ্রিক। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কৃতজ্ঞতা জানালেন জাতীয় দলের কোচের প্রতি।
২০২৪ সালের জুলাইয়ে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে ছয় বছরের চুক্তিতে রেয়াল মাদ্রিদে যোগ দেন এন্দ্রিক। অভিষেকেই নজর কাড়েন তিনি; রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে বদলি নেমে করেন গোল।
গত মৌসুমে রেয়ালে আনচেলত্তির কোচিংয়ে বেশিরভাগ সময় বদলি হিসেবে খেললেও, সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে সাত গোল করেন তিনি।
কিন্তু চলতি মৌসুমে শাবি আলোন্সোর কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে মাত্র ৯৯ মিনিট খেলতে পারেন এন্দ্রিক। গত মাসে ধারে বাকি মৌসুমের জন্য ফ্রান্সের ক্লাব লিওঁতে যোগ দেন ১৯ বছর বয়সী ফুটবলার।
প্রথম দলের সঙ্গে এক সপ্তাহ অনুশীলনের পর সোমবার এন্দ্রিককে নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় লিওঁ। সেখানেই তিনি বলেন, ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার আগে ব্রাজিল জাতীয় দলের কোচ আনচেলত্তির সঙ্গে আলোচনার কথা।
“হ্যাঁ, আনচেলত্তির সঙ্গে কথা বলেছিলাম এবং একজন খেলোয়াড় হিসেবে কীভাবে উন্নতি করা যায়, সে সম্পর্কে আমাকে পরামর্শ দিয়েছিলেন তিনি। তার পরামর্শ সত্যিই আমার মনে দাগ কেটেছিল। তিনি আমাকে বলেছিলেন, ‘যাও, তোমার খেলার উন্নতি করো, আমি চাই তুমি সুখে থাকো।’ যদিও আমি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, তবে তার পরামর্শ গুরুত্বপূর্ণ ছিল।”
“আনচেলত্তি রেয়াল মাদ্রিদের দুর্দান্ত কোচ ছিলেন। তার সকল পরামর্শ আমি অনুসরণ করেছিলাম এবং আমার খেলার উন্নতিতে তিনি সাহায্য করেছিলেন। এখন আমাকে খেলতে ও লিওঁকে জিততে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।”