৯৯ বছরের পুরোনো সান সিরো স্টেডিয়াম ভেঙে ফেলার সবুজ সংকেত
এখানে ৭১ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে এসি মিলান ও ইন্টার মিলান।
মিলানের সান সিরো বিক্রির অনুমোদন দিয়েছে সিটি কাউন্সিল। ফলে প্রায় শতবর্ষ পুরোনো আইকনিক স্টেডিয়ামটি ভেঙে নতুন স্টেডিয়াম নির্মাণের সবুজ সংকেত পেয়েছে এসি মিলান ও ইন্টার মিলান।
প্রায় ১২ ঘন্টার দীর্ঘ আলোচনা আর রাতভর ভোটাভুটির পর সান সিরো বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এসি মিলান ও ইন্টার মিলান মঙ্গলবার বিবৃতি দিয়ে বলেছে, এই সিদ্ধান্তে ‘খুব খুশি’ তারা। মিলানের এই দুই ক্লাবের ঘরের মাঠ সান সিরো।
সিটি কাউন্সিলের অনুমোদনের ফলে মাঠ এবং এর আশপাশের এলাকা দুটি ক্লাবের কাছে ১৯ কোটি ৭০ লাখ ইউরোয় বিক্রি করা হতে পারে। তবে এখনও বিষয়টি নগর সরকারের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা বাকি।
দুই ক্লাব ও শহরের ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ক্লাবগুলো।
১৯২৬ সালে চালুর পর থেকে সান সিরো এসি মিলানের স্টেডিয়াম, কিন্তু ১৯৯০ বিশ্বকাপের পর থেকে এখানে আধুনিকীকরণ করা হয়নি। তারা নগর প্রতিদ্বন্দ্বী ইন্টারের সঙ্গে যৌথভাবে স্টেডিয়ামটি ভাড়া নেয় এবং আধুনিকীকরণের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়।
ক্লাব দুটি নগর পুনর্গঠন প্রকল্পের অংশ হিসেবে ৭১ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার একটি নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে। ২০৩২ সালের ইউরোর জন্য স্টেডিয়ামটি প্রস্তুত করার লক্ষ্যে কাজ করছে তারা। তুরস্কের সঙ্গে ২০৩২ ইউরোর যৌথ আয়োজক ইতালি।
