Published : 10 Sep 2026, 11:12 PM
মুরাত ইয়াকিনের সঙ্গে আস্থার সম্পর্ক ভেঙে গেছে নোয়া ওকাফরের। কোচের আচরণেও কষ্ট পেয়েছেন তিনি। তাই এই কোচের সময়ে জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড।
উত্তর আমেরিকা বিশ্বকাপে সুইজারল্যান্ড দলের অংশ ছিলেন ওকাফর। আসরে বেশিরভাগ সময়ই বেঞ্চে কাটে তার। কেবল একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান তিনি। শেষ বত্রিশে আলজেরিয়ার বিপক্ষে লিডস ইউনাইটেডের এই ফুটবলারকে ১৯ মিনিট খেলান ইয়াকিন।
কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় সুইজারল্যান্ডের।
২৬ বছর বয়সী ওকাফর স্পষ্ট করে বলেছেন, খেলার সুযোগ কম পাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেননি তিনি। তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেই কারণে তার এমন পদক্ষেপ।
নিজের সিদ্ধান্তের বিষয়টি ইনস্টাগ্রামে জানান ওকাফর।
“আমার এই সিদ্ধান্তের সঙ্গে খেলার সময়ের (সুযোগ কম পাওয়ার) কোনো সম্পর্ক নেই। এমন কিছু ঘটনা ঘটেছে, যা আমাকে গভীরভাবে আহত করেছে। আস্থা নষ্ট হয়েছে। প্রতিশ্রুতি রাখা হয়নি। আর আলজেরিয়ার বিপক্ষে যখন খেলার সুযোগ পেলাম, তখন আমাদের পোস্ট থেকে অনেক দূরে কিছু ছোটখাটো ভুলের জন্য যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়, তা আমাকে গভীরভাবে ব্যথিত করে।
“পরের কয়েক সপ্তাহে বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। এরপর সিদ্ধান্ত নিয়েছি, বর্তমান কোচের সময়ে আমি আর জাতীয় দলের হয়ে খেলতে চাই না।”
সুইস ফুটবল অ্যাসোসিয়েশনও ওকাফোরের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, “নোয়া আজ আমাদের জানিয়েছে যে আপাতত সে জাতীয় দলের হয়ে খেলবে না। আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই এবং ক্লাবের হয়ে তার সব ধরনের সাফল্য কামনা করি।”