২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রায়াল দিতে এসেছেন ৪৩ প্রবাসী ফুটবলার, আরও ৫ জন ঢাকার পথে

লাল-সবুজের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে ট্রায়াল দিতে ইংল্যান্ড-ইতালিসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসী ফুটবলাররা এসেছেন বাংলাদেশে।

ট্রায়াল দিতে এসেছেন ৪৩ প্রবাসী ফুটবলার, আরও ৫ জন ঢাকার পথে
বাংলাদেশের হয়ে খেলার লক্ষ্যে ট্রায়াল দিতে এসে একসঙ্গে ফ্রেমবন্দী হলেন প্রবাসী ফুটবলাররা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

কেউ মাঠে ঢুকেই ছবি তুলতে ব্যস্ত হলেন, কেউ ভিডিও করতে শুরু করলেন স্টেডিয়ামের, সব মিলিয়ে ভিন্ন এক আবহে মুখরিত হলো জাতীয় স্টেডিয়ামের আঙিনা। শনিবার থেকে শুরু হবে ট্রায়াল, সেই ট্রায়ালে অংশ নিতেই বিদেশ-বিভূঁই থেকে ৪৩ জন প্রবাসী ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে পা রেখেছেন ঢাকায়। আরও পাঁচ জন রয়েছেন ঢাকার পথে।

শনি থেকে সোমবার- এই তিন দিন জাতীয় স্টেডিয়ামে হবে ট্রায়াল। শুরুতে ট্রায়ালে অংশ নেওয়ার কথা ছিল ৫২ জনের। শুক্রবার বিকালে খেলোয়াড়দের ওরিয়েন্টশন ও রেজিস্ট্রেশনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম জানালেন, ট্রায়ালে অংশ নেবে ৪৮ জন।

শনিবার শুরু হবে ট্রায়াল। শুক্রবার নিবন্ধন প্রক্রিয়া শেষে জাতীয় স্টেডিয়ামে ঢুকে সেলফি তোলায় মজলেন প্রবাসী ফুটবলাররা। ছবি: বাফুফে

শনিবার শুরু হবে ট্রায়াল। শুক্রবার নিবন্ধন প্রক্রিয়া শেষে জাতীয় স্টেডিয়ামে ঢুকে সেলফি তোলায় মজলেন প্রবাসী ফুটবলাররা

“চূড়ান্তভাবে ৪৮ জন ট্রায়ালে অংশ নেবে, এখানে ৪৩ জন আছে, বাকি পাঁচ জন এখনও ফ্লাইটে, কাল সকালে তারা পৌঁছাবে। আজকে নিবন্ধন হয়েছে, আগামী তিন দিন কী হবে, কারা থাকবেন (মূল্যায়নে) সেসব বিষয়ে তাদের জানানো হয়েছে। তাদের বাবা-মায়ের সাথে আমাদের সহকর্মীরা কথা বলেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রতি আস্থা রেখে তারা নিজেদের খরচে ছেলেদের ট্রায়ালে নিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। একই সাথে তাদেরকেও জানানো হয়েছে, আগামী তিন দিনে কী হবে।”

“আগামীকাল ট্রায়াল শুরু হবে। দুই গ্রুপ করা হয়েছে, অনূর্ধ্ব-১৯ ও ২৩। সকাল বেলা দুই ঘণ্টা ও বিকাল বেলা দুই ঘণ্টা, এটাও ঘুরিয়ে-ফিরিয়ে হবে, কাল যারা সকালে করবে, পরের দিন তারা বিকালে আসবে, এভাবে।”

ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলারদের সামনে আগামী তিন দিনের বিস্তারিত তুলে ধরছেন বাফুফের কর্মকর্তারা। ছবি: বাফুফে

ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলারদের সামনে আগামী তিন দিনের বিস্তারিত তুলে ধরছেন বাফুফের কর্মকর্তারা

ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ, যিনি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার ‘বন্ধু’, তিনি ট্রায়াল প্রক্রিয়ায় কাজ করছেন সমন্বয়ক হিসেবে। ইংল্যান্ড, আমেরিকা, ইতালিসহ বিভিন্ন দেশ থেকে অধিকাংশই এসেছেন সাকিবের মাধ্যমে। গুটি-কয়েক এসেছেন বাফুফের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে। ট্রায়ালে অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাওয়ার কারণ নিয়ে ওঠা প্রশ্নের উত্তর তাই তিনিই দিলেন।

“অতি সম্প্রতি দুই জন ফুটবলার চোটে পড়েছে। মধ্যপ্রাচ্যে ফ্লাইট সংকটের জন্য একজনের রিশিডিউল হয়েছে। পাঁচ জন সেখানে আটকে ছিল ফ্লাইট বন্ধ থাকায়। তারা এখন দোহা থেকে ঢাকার পথে রয়েছে।”

ট্রায়াল শেষেই অবশ্য খেলোয়াড়দের মিলবে না বাংলাদেশের হয়ে খেলার নিশ্চয়তা। তারা থাকবেন বাফুফের রাডারে এবং প্রয়োজন অনুযায়ী তাদের ডাকা হবে বলে জানালেন ফাহাদ করিম।

“ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদের তথ্য, ভিডিও থাকবে আমাদের ট্যাকনিক্যাল বিভাগের কাছে। আমাদের কোচদের যখন প্রয়োজন হবে তখন সেই তথ্যের ভিত্তিতে খেলোয়াড়দের ডাকবেন।”