Published : 04 Jun 2026, 08:41 PM
তুরস্কের পেশাদার ফুটবল লিগগুলোতে ম্যাচ ফিক্সিং ও অবৈধ বাজির অভিযোগে চলমান তদন্তের মধ্যে ঘটেছে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। অবৈধ বাজিতে উসকানি দেওয়ার দায়ে ফেনেরবাচের চেয়ারম্যান সেদাত্তিন সারানকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
ইস্তাম্বুলের আদালতের রায়ে বলা হয়েছে, ‘বিজ্ঞাপন বা অন্যান্য উপায়ে লোকজনকে অবৈধ বাজিতে জড়ানোর জন্য’ সারান ও তার ভাই কেনান সারানকে দুই বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আদালতে আত্মপক্ষ সমর্থনে সাদাত্তিন সারান কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছেন।
তুর্কি তারকাদের মধ্যে মাদক ব্যবহারের বিষয়ে একটি তদন্তের অংশ হিসেবে চলতি বছরের শুরুতে সারানকে কিছু সময়ের জন্য আটক করেছিল কর্তৃপক্ষ। তবে পরে তাকে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে তিনি তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং ক্লাবটি মার্চে ঘোষণা করে, তার উত্তরসূরি নির্বাচনের জন্য তারা ৬ থেকে ৭ জুন একটি বিশেষ কংগ্রেস আয়োজন করবে।
তুরস্কের পেশাদার ফুটবল লিগগুলোতে ম্যাচ ফিক্সিং এবং অবৈধ বাজির অভিযোগে তুর্কি ফুটবল ফেডারেশন কয়েক ডজন রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এবং এই তদন্তের অংশ হিসেবে শীর্ষস্থানীয় ক্লাবগুলোর খেলোয়াড়সহ বেশ কয়েকজন ধারাভাষ্যকার ও কর্মকর্তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে।