২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পা ভেঙে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে এলিয়ট

ইংলিশ এই মিডফিল্ডারকে হারানোয় হতাশ লিভারপুল কোচ আর্না স্লট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 05:22 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

লম্বা সময়ের জন্য হার্ভি এলিয়টকে পাচ্ছে না লিভারপুল। পা ভাঙায় কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ এই মিডফিল্ডারকে। তার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যানফিল্ডের দলটির কোচ আর্না স্লট। 

চলতি মৌসুমে এখনও খেলার খুব বেশি সুযোগ পাননি এলিয়ট। প্রিমিয়ার লিগে লিভারপুলের তিনটি ম্যাচের স্কোয়াডেই ছিলেন তিনি। কিন্তু মাঠে নামতে পারেন কেবল একটিতে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে স্রেফ ৭ মিনিট খেলেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

পরবর্তী আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে আগামী তিন সপ্তাহে তিন প্রতিযোগিতা মিলিয়ে সাতটি ম্যাচ খেলবে লিভারপুল। এই সময়ে তাকে আরও বেশি সময় খেলানোর ভাবনা ছিল স্লটের। কিন্তু তার পায়ের চোটে আপাতত সেই সম্ভাবনা শেষ।

লিগ ম্যাচে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে লিভারপুল। আগের দিনের সংবাদ সম্মেলনে এলিয়টকে হারানো নিয়ে হতাশা ঝরে স্লটের কণ্ঠে।

“অবশ্যই হার্ভির (এলিয়ট) চোট কেবল তার জন্য নয়, আমাদের জন্যও বড় হতাশার। প্রথম তিন ম্যাচে সে খুব বেশি না খেললেও, প্রাক-মৌসুমে সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল।”

“সামনের ম্যাচগুলোতে সে অনেক সময় খেলতে পারত, কিন্তু এখন সেই সুযোগ অন্য কেউ পাবে।”

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে লিভারপুলে যোগ দিয়েছেন আলেক্সিস মাক আলিস্তের। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন এই মিডফিল্ডার। ফরেস্টের বিপক্ষে তাকে পেতে আশাবাদী স্লট।

ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়ে লিভারপুলকে সঠিক পথেই রেখেছেন স্লট। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের তিন রাউন্ডের সবগুলো জিতেছে কেবল শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। পয়েন্ট টেবিলে শীর্ষে সিটি, দুইয়ে স্লটের দল।