১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পেনের বিপক্ষে ‘ফাইনালের জন‍্য’ প্রস্তুত উরুগুয়ে

নকআউট পর্বে যেতে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের উজাড় করে দেওয়ার কথা বললেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা।

স্পেনের বিপক্ষে ‘ফাইনালের জন‍্য’ প্রস্তুত উরুগুয়ে
উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 08:34 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

শেষ বত্রিশে থাকা নিশ্চিত করতে স্পেনের বিপক্ষে ম‍্যাচকে ফাইনাল হিসেবে বিবেচনা করছে উরুগুয়ে। কোচ মার্সেলা বিয়েলসা বলেছেন, টু্নামেন্টে টিকে থাকতে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নদের বিপক্ষে কেবল জয়ের কথাই ভাবছেন তারা। 

গুয়াদালাহারায় বাংলাদেশ সময় শনিবার সকালে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে।  

২ ম‍্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে উরুগুয়ে ও কেইপ ভার্ড। ১ পয়েন্ট নিয়ে চারে সৌদি আরব। চারটি দলের সামনেই সুযোগ আছে সেরা বত্রিশে যাওয়ার। 

সৌদি আরবের পর কেইপ ভার্ডের বিপক্ষেও ড্র করে বেশ অস্বস্তিতে আছে উরুগুয়ে। স্পেনের বিপক্ষে ড্র করেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের। কিন্তু কোনো অপেক্ষায় থাকতে চান না বিয়েলসা। স্পেনকে হারিয়ে নিশ্চিত করতে চান সেরা বত্রিশে খেলা।

“আগামীকালকের ম‍্যাচ আমরা ফাইনাল হিসেবে খেলব।”

বল দখলে রাখা পছন্দ করা স্পেনের বিপক্ষে খেলার ধরন নিয়েও একটু আভাস দিলেন আর্জেন্টাইন কোচ বিয়েলসা। 

“রক্ষণ সামলানোর সেরা উপায়ের একটা হলো, এটা নিশ্চিত করা যে, প্রতিপক্ষর পায়ে বল থাকবে কম।”

স্পেনের খেলার প্রশংসা করে বিয়েলসা বলেছেন, লুইস দে লা ফুয়েন্তের কোচিংয়ে ‘অনিন্দ‍্যসুন্দর’ ফুটবল খেলছে। ম‍্যাচে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে লামিন ইয়ামালকে ঠিকঠাক সামলানোর উপর জোর দিয়েছেন উরুগুয়ে কোচ। 

“সে এমন একজন খেলোয়াড় যে ম‍্যাচের ভারসাম‍্যহীন করে দিতে পারে। আমি নতুন কিছু বলছি না… সে প্রতিপক্ষকে এলোমেলো করে দেয় এবং ম‍্যাচে পার্থক‍্য গড়ে দেয়।”