১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পেন দলে ‘রদ্রির বিকল্প’ যোগ দিলেন আর্সেনালে

ডিফেন্সিভ মিডফিল্ডার মার্তিন সুবিমেন্দিকে দলে নিতে আর্সেনালের বড় অঙ্কের অর্থ খরচ হয়েছে বলে খবর।

স্পেন দলে ‘রদ্রির বিকল্প’ যোগ দিলেন আর্সেনালে
লা লিগা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেলনালে যোগ দিলেন মার্তিন সুবিমেন্দি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2025, 08:19 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

টানা তিন মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার পর, শিরোপা-খরা কাটাতে স্কোয়াডের শক্তি বাড়ানোয় মনোযোগ দিয়েছে আর্সেনাল। সেই লক্ষ্যে এবার রেয়াল সোসিয়েদাদ থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার মার্তিন সুবিমেন্দিকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি।

২৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডকে দীর্ঘ মেয়াদের চুক্তিতে দলে নেওয়ার কথা রোববার নিশ্চিত করেছে আর্সেনাল। নির্দিষ্ট করে মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে কিছু অবশ্য জানায়নি ক্লাবটি।

তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, রেয়াল সোসিয়েদাদে ছয় কোটি ইউরো রিলিজ ক্লজ ছিল সুবিমেন্দির। হয়তো এর পুরোটা পরিশোধ করতে হয়েছে আর্সেনালকে।

এবারের দলবদলে এই নিয়ে দ্বিতীয় খেলোয়াড় দলে যোগ করল আর্সেনাল। চলতি মাসের প্রথম দিনে তারা চেলসি থেকে স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিসাবালাকে চুক্তিভুক্ত করে।

সোসিয়েদাদের হয়ে ২৩৬টি ম্যাচ খেলে ১০টি গোল করেছেন সুবিমেন্দি।

২০২৪ সালে স্পেনের ইউরো জয়ে অবদান রাখেন সুবিমেন্দি। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের বিরতিতে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রির বদলি নামেন তিনি, ম্যাচটি ২-১ গোলে জিতেছিল স্প্যানিশরা।

২০২৪-২৫ মৌসুমের প্রায় পুরোটা সময় রদ্রি চোটে বাইরে থাকায়, স্পেন দলে নিয়মিত হয়ে ওঠেন সুবিমেন্দি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মোট ১৯ ম্যাচ খেলেছেন তিনি।