২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রেয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান কুকুরেইয়া

ইউরোপের সফলতম ক্লাবের জার্সি গায়ে জড়াতে পেরে সম্মানিত বোধ করছেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ডিফেন্ডার।

রেয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান কুকুরেইয়া
রেয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে মার্ক কুকুরেইয়া (বাঁয়ে)। ছবি: রেয়ালের ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 10:18 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

ইংল্যান্ড ছেড়ে স্প্যানিশ ফুটবলে ফিরে নিজের লক্ষ্য স্থির করেছেন মার্ক কুকুরেইয়া। স্পেনের বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার রেয়াল মাদ্রিদের হয়ে অনেক শিরোপা জিততে চান। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

গত জুনে বিশ্বকাপের মাঝপথে চেলসি থেকে কুকুরেইয়াকে দলে টানে রেয়াল। স্পেনের জার্সিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা এই ফুটবলারের সঙ্গে ছয় বছরের চুক্তি করে সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি।

এরই মধ্যে রেয়ালের জার্সিতে অভিষেক হয়ে গেছে কুকুরেইয়ার। এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে ২৬ মিনিট খেলেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

এত দিন কুকুরেইয়াকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়নি রেয়াল। সোমবার সেই প্রক্রিয়া সম্পন্ন করে তারা। সেখানেই ইউরোপের সফলতম ক্লাবটিতে নিজের লক্ষ্যের কথা জানান বার্সেলোনার বিখ‍্যাত একাডেমি লা মাজিয়ায় বেড়ে ওঠা এই লেফট-ব্যাক।

“এটা দারুণ এক সম্মান। বিশেষ একটি দিন। গ্রীষ্মটা দীর্ঘ মনে হয়েছে, তবে বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরতে পারা সম্মানের। আশা করি দারুণ একটি অধ্যায় রচিত হবে এবং আমরা অনেক শিরোপা জিততে পারব।

“আশা করি, দারুণ কিছু মৌসুম কাটাতে এবং চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিততে ভাগ্য সহায় হবে। সান্তিয়াগো বের্নাবেউয়ে খেলার জন্য মুখিয়ে আছি। জানি, এই মাঠ কতটা প্রভাবশালী এবং ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এর কী ধরনের প্রভাব রয়েছে। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মঞ্চ হতে যাচ্ছে। আশা করি সবকিছু ভালোভাবে এগোবে এবং আমরা রেয়ালের সমর্থকদের আনন্দ দিতে পারব।”

গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ৬ কোটি ৩০ লাখ পাউন্ডে ২০২২ সালে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে কুকুরেইয়াকে দলে টানে চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৩ ম্যাচ খেলে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি ছাড়ছেন তিনি।

চেলসিতে প্রথম মৌসুম বেশ চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে কাটে কুকুরেইয়ার। নতুন ঠিকানায় ফর্ম ও ধারাবাহিকতা নিয়ে বেশ ভুগতে হয় তাকে। পরে অবশ্য সাবেক কোচ এন্টসো মারেস্কার কোচিংয়ে দলে নিয়মিত জায়গা পান তিনি। চেলসির জার্সিতে কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপও জেতেন এই ফুটবলার।

২০২১ সালে স্পেনের সিনিয়র দলে অভিষেক হয় কুকুরেইয়া। এখন পর্যন্ত দলটির জার্সিতে ৩২টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ও স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে রেখেছেন বড় ভূমিকা।