মোরসালিন-মিতুলসহ পুরনোদের নিয়েই দল গোছাচ্ছে আবাহনী
গত মৌসুমের স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় নিয়েই নতুন মৌসুমের দল গোছাচ্ছে নানা বাকবদলের মধ্য দিয়ে যাওয়া আবাহনী।
সুলেমানে দিয়াবাতে, আলমগীর মোল্লা, সুশান্ত ত্রিপুরারা নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন আগেই। থেকে যাওয়াদের নিয়েই ২০২৬-২৭ মৌসুমের দল গোছাচ্ছে নানা বাঁকবদলের মধ্য দিয়ে যাওয়া আবাহনী। শেখ মোরাসালিন, মিতুল মারমা, আল আমিন, মিরাজুল ইসলামসহ গত মৌসুমের স্কোয়াডের ১৭ জন থাকছেন নতুন মৌসুমের দলে।
ফিফা নিষেধাজ্ঞার কারণে আবাহনী দলবদল প্রক্রিয়ায় অংশ নিতে পারছিল না। কদিন আগে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তাড়াহুড়া করে সব গোছাতে নামে তারা। এরই মধ্যে সময়ের সেরা অনেককে নিয়ে দল গুছিয়ে নিয়েছে আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবাহনীর নতুন টিম ম্যানেজার শহীদ হোসেন স্বপন জানালেন, ২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাওয়া আবাহনী সাধ্যমতো দল সাজানোর চেষ্টা করছে।
“আবাহনীর বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন। তবে, নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা সাধ্যমতো দল সাজানোর চেষ্টা করছি। গত মৌসুমের স্কোয়াডের সিংহভাগ খেলোয়াড় নিয়েই নতুন মৌসুমের দল গোছাচ্ছি।
“দিয়াবাতে, আলমগীরসহ কয়েকজন আগেই চলে গেছে। তবে শেখ মোরসালিন, মিতুল মারমাসহ অধিকাংশ খেলোয়াড় রয়ে গেছে। তাদের নিয়েই পরিকল্পনা করছি আমরা। ফিফার নিষেধাজ্ঞায় মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে, এ কারণে এ মুহূর্তে আমরা বিদেশি খেলোয়াড় নেওয়ার কথা সেভাবে ভাবতে পারছি না। তবে, সাধ্যের মধ্যে আমরা ভালো মানের দল গড়ার চেষ্টা করছি।”
এরই মধ্যে আবাহনী ছেড়েছেন চার ফুটবলার- সুশান্ত ত্রিপুরা, আলমগীর মোল্লা, সুলেমান দিয়াবাতে ও এনামুল গাজী। গত মৌসুমে আবাহনীর আক্রমণভাগের মূল ভরসা ছিলেন দিয়াবাতে, মালির এই ফরোয়ার্ড ফিরে গেছেন তার সাবেক ঠিকানা মোহামেডানে।
২০২১-২২ মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জয়ের পর আর কোনো সাফল্য পায়নি আবহনী। ছয় লিগ শিরোপার সবশেষটি আকাশি নীল-সাদা জার্সিধারীরা জিতেছিল ২০১৭-১৮ মৌসুমে।
