১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেলসিকে ফের হারিয়ে শেষ আটে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দুই লেগ মিলিয়ে চেলসির জালে আটবার বল পাঠাল লুইস এনরিকের দল।

চেলসিকে ফের হারিয়ে শেষ আটে পিএসজি
দ্বিতীয় লিগে সহজেই চেলসিকে হারাল পিএসজি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 04:10 AM

Updated : 26 Aug 2026, 03:11 PM

আক্রমণাত্মক ফুটবলে লড়াইয়ের মানসিকতা দেখাল চেলসি। তবে ফিনিশিংয়ে সাফল্য পেল না তারা। আরও একবার প্রিমিয়ার লিগের দলটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিল পিএসজি।

চেলসির মাঠে মঙ্গলবার রাতে ৩-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল। প্রথমার্ধে জালের দেখা পেয়েছেন খাভিচা কাভারাৎস্খেলিয়া ও ব্র্যাডলি বারকোলা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছেন সেনি মায়ুলু।

শেষ আটে শিরোপাধারীরা খেলবে গালাতাসারাই কিংবা লিভারপুলের বিপক্ষে।

ঘরের মাঠে ইতিবাচক শুরু করে চেলসি। তবে প্রথম সুযোগই তাদের জালে বল পাঠিয়ে কাজটা বহু কঠিন করে তোলে পিএসজি।

ডি বক্সের একটু বাইরে থেকে পিএসজি গোলরক্ষকের ফ্রি কিক ক্লিয়ার করতে পারেননি মামাদু সার। তিনি বল রিসিভ করার পর উল্টো পেয়ে যান কাভারাৎস্খেলিয়া। তার নিখুঁত ফিনিশিংয়ে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় পিএসজি।

চেলসির আক্রমণের ঝাপটা সামলে চতুর্দশ মিনিটে ব‍্যবধান আরও বাড়ায় পিএসজি। দ্রুত পাল্টা আক্রমণে গিয়ে আশরাফ হাকিমি খুঁজে নেন বারকোলাকে। গতিময় শটে তিনি খুঁজে নেন ঠিকানা।

দুই লেগ মিলিয়ে পাঁচ গোলে পিছিয়ে যাওয়া চেলসি দমে না গিয়ে খেলে যায় আক্রমণাত্মক ফুটবল। প্রথমার্ধের বাকি সময়ে দারুণ কিছু সুযোগও তৈরি করে তারা। কিন্তু ফরাসি চ‍্যাম্পিয়নদের জমাট রক্ষণ কিংবা গোলরক্ষকের প্রবল প্রতিরোধ কিছুই ভাঙতে পারেনি চেলসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পান বারকোলা। ৫৯তম মিনিটে তার জায়গায় মাঠে নামেন দিজিরে দুয়ে। চেলসি কোচ তুলে নেন তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোল পামার, এনসো ফের্নান্দেস ও জোয়াও পেদ্রোকে।

৬২তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব‍্যবধান আরও বাড়ান মায়ুলু। দুই লেগ মিলিয়ে অষ্টম গোল হজম করল চেলসি। চ‍্যাম্পিয়ন্স লিগে দুই লেগ মিলিয়ে যা তাদের সর্বোচ্চ। তাদের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৭ গোল ছিল আগের সর্বোচ্চ।  

ব‍্যবধান কমানোর চেষ্টায় একের পর এক শট নিয়ে সফল হননি চেলসির আলেহান্দ্রো গার্নাচো ও লিয়াম ডেলাপ। ৯০ মিনিট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষের বাঁশি বাজিয়ে ম‍্যাচের ইতি টানেন রেফারি। 

ভিনিসিউসের জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে আবার হারাল রেয়াল মাদ্রিদ

লেভারকুজেনকে সহজেই হারিয়ে কোয়ার্টার-ফাইনালে আর্সেনাল

দুর্দান্ত প্রত্যাবর্তনে বোদা/গ্লিম্টের স্বপ্নযাত্রা থামাল স্পোর্তিং