মায়ামির স্বপ্ন পূরণের সারথি মেসির ‘সুন্দর ও আবেগময় মুহূর্ত’
মেসি আসার আগে শিরোপাশূন্য থাকা ক্লাবটি দুই মৌসুমে দুটি ট্রফি জয়ের পর এবার জিতে নিল সবচেয়ে বড় ট্রফি এমএলএস কাপ, টানা দুই মৌসুমে সেরা ফুটবলার হয়ে আর্জেন্টাইন জাদুকর গড়লেন রেকর্ড।
উদযাপনটা এখন চেনা তো বটেই, অনেকটা অর্চনা হয়ে উঠেছে ক্রীড়া বিশ্বময়। ট্রফি নিয়ে দুলতে দুলতে এগিয়ে প্রবল গৌরবে উঁচিয়ে ধরা। ফুটবলের সীমানা ছাড়িয়ে বিশ্বের আনাচেকানাচে কত খেলায় এখন দেখা যায় এই দৃশ্য! এটির জন্ম যার হাত ধরে, সেই লিওনেল মেসিকে আরেকবার দেখা গেল এই উদযাপনে। তার জন্য এটি নতুন কিছু নয়। কিন্তু ইন্টার মায়ামির জন্য এটিই প্রথম, ক্লাবের স্বপ্ন পূরণ হওয়ার মুহূর্ত।
মৌসুমজুড়ে অসাধারণ পারফর্ম করেছেন মেসি। নিয়মিত মৌসুমে মায়ামি কিছুট হোঁচট খেয়ে এগোলেও প্লে-অফে ছিল অপ্রতিরোধ্য। অপেক্ষা ছিল কেবল কাঙ্ক্ষিত শেষটুকুর। স্বপ্নে আঁকা সেই ছবিগুলো অবশেষে বাস্তব হয়ে ধরা দিয়েছে। মেজর লিগ সকারের কাপ ফাইনালে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে এমএলএস কাপ জিতে নিয়েছে ইন্টার মায়ামি।
মেসি আসার আগে এমন সাফল্য ছিল ক্লাবটির ধরাছোঁয়ার বাইরে। সত্ত্বাধিকারি হোসে মাস, হোর্হে মাস, ডেভিড বেকহ্যামরা অবশ্য স্বপ্ন দেখেছেন। এজন্যই ২০২৩ সালে তারা ফুটবল বিশ্বে আলোড়ন তুলে দলে নিয়ে আসেন মেসিকে। ক্রমে যোগ হয় আরও বড় বড় সব নাম।
মেসি আসার পরই লিগস কাপ জিতে প্রথম শিরোপার স্বাদ পায় মায়ামি। গত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ে জিতে নেয় সাপোর্টার্স শিল্ড। কিন্তু শিরোপার মূল লড়াইয়ের প্লে-অফে হেরে যায় প্রথম রাউন্ডেই।
এবার আর তাদেরকে থামাতে পারেনি কেউ। নিয়মিত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে প্লে-অফেও ম্যাচের পর ম্যাচে দারুণ উজ্জ্বল মেসি। প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে জিতলেন মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের পুরস্কার। তবে দলীল প্রাপ্তির উচ্ছ্বাসেই তিনি মাখামাখি।
“গত বছর আমরা লিগে (নিয়মিত মৌসুমে) প্রথম হয়েও দুর্ভাগ্যজনকভাবে (প্লে-অফে) প্রথম রাউন্ডে ছিটকে পড়েছিলাম। এবার আমাদের মূল লক্ষ্য পূরণ হলো। এমএলএস কাপই চূড়ান্ত পুরস্কার। দল দারুণভাবে নিজেদের মেলে ধরেছে এবং উপলক্ষের গুরুত্ব উপলব্ধি করেছে।”
“এমএলস কাপের লক্ষ্য অর্জন করতে পারা আমাদের জন্য, মায়ামির মানুষদের জন্য সুন্দর ও আবেগময় এক মুহূর্ত। সত্যি বলতে, এখনও অনেকটাই নতুন ক্লাব এটি। আগের মৌসুমগুলোয় শিরোপা জিততে পারাটা আমাদের জন্য ছিল দারুণ। তবে মূল লক্ষ্য ছিল এটিই, এমএলএস কাপ জয় এবং আমেরিকার লিগের সেরা হওয়া। আমাদের সৌভাগ্য, আমরা পেরেছি।”
নিয়মিত মৌসুমে ভ্যানকুভারের চেয়ে এগিয়ে থাকায় ফাইনালটি ঘরের মাঠে খেলার সুযোগ পায় মায়ামি। নিজেদের দর্শকদের সামনে ট্রফি জয় বাড়তি রঙ ছড়ায় উদযাপনে।
“ঘরের মাঠে এই ম্যাচ খেলতে পারাটাও ছিল সৌভাগ্যের, দর্শকদের জন্য দারুণ আনন্দের, সবটুকু উপভোগ করতে হবে আমাদের।”
ট্রফি জয়ের জন্য শুধু ভালো ফুটবলারই নয়, কার্যকর একজন কোচও লাগে। এই মৌসুমের আগে সেই ভার সঁপে দেওয়া হয় মেসির দীর্ঘদিনের সতীর্থ হাভিয়ের মাসচেরানোকে। তার কোচিংয়েই শেষ পর্যন্ত ধরা দিল কাঙ্ক্ষিত সাফল্য। তবে কোচ বেশি খুশি মেসির জন্যই।
“লিওর জন্য আমি খুবই খুশি। অসাধারণ যে মৌসুম ও কাটিয়েছে, এজন্য আমি খুশি… ওর জন্য এটি খুবই স্পেশাল এবং দারুণ গুরুত্বপূর্ণ ট্রফি। এই ট্রফি জিততেই সে এখানে এসেছিল।”
এই দিনটির স্বপ্ন হৃদয়ে পুষেই মেসিকে এনেছিলেন ডেভিড বেকহ্যাম। তারকাখ্যাতিতে তিনি নিজেও তো কম কিছু নন। ২০১৩ সালে খেলেয়াড়ি জীবনের ইতি টানেন তিনি মেজর লিগ সকার দিয়ে। সেখানে তার চুক্তির একটি অংশ ছিল, চাইলে তিনি নতুন ফ্র্যাঞ্চাইজি শুরু করতে পারবেন অনেক কম মূল্যে। বেকহ্যাম বেছে নেন মায়ামিকে। কয়েক বছরের নানা পরিকল্পনা, আলোচনা, অনেক ছক কষার পর অবশেষে হোসে মাস ও হোর্হে মাসের সহায়তায় ইন্টার মায়ামির যাত্রা শুরু হয় ২০১৮ সালে।
এত নতুন একটি ক্লাবে মেসি খেলবেন, এমন কিছুও ছিল অকল্পনীয়। বেকহ্যাম সেটিও সম্ভব করিয়েছেন। এমএলএস কাপের শিরোপা জয়ের পর ইংলিশ তারকা বললেন, মেসি এখানে এসেছেন বলেই এই ট্রফি এসেছে।
“অবিশ্বাস্য এক পথচলা এটি। সে (মেসি) স্রেফ মায়ামি থাকাটা উপভোগ করার জন্য এখানে আসেনি। তার স্ত্রী-সন্তানেরা অবশ্যই মায়ামিকে ভালোভাবে, তবে সে এখানে এসেছে জেতার জন্য এবং লিও এরকমই। সেই নিবেদন ও আনুগত্য তার আছে এবং সেটিই সে মেলে ধরে সতীর্থদের কাছে, এই ক্লাব ও শহরের কাছে। লিও ইজ আ উইনার- অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।”
মায়ামি অনেকটাই মেসিময়। শিরোপার উৎসবে তাই তিনিই মধ্যমনি। তবে তার পুরোনো দুই সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুর কথা না বললেও তো নয়। এই ম্যাচ আর ট্রফি দিয়েই ঝলমলে ক্যারিয়ার শেষ করলেন জর্দি আলবা ও সের্হিও বুসকতেস। তাদের বিদায়টা রঙিন হওয়াতেও খুশি মেসি।
“ওদের জন্য আমি খুবই খুশি। এভাবে ক্যারিয়ার শেষ করতে পারা যে কারও জন্যই দারুণ।”
“শেষবেলায় ট্রফি জিতে ওরা শেষ করতে পারল, ক্যারিয়ারজুড়ে তাদের নিবেদন ছিল এমনই। ওদের জন্য সবটুকু শুভকামনা জানাই। এমন দুজন বন্ধু ওরা, যাদেরকে আমি খুবই ভালোবাসি এবং খুবই ভালো লাগছে যে, শিরোপার স্বাদ নিয়ে ওরা মাঠ ছাড়ছে।”
