এশিয়ান গেমস বাছাই
Published : 03 Apr 2026, 12:55 PM
প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর দ্রুতই ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টারের গোলে শ্রীলঙ্কা ফের নিল ম্যাচের নিয়ন্ত্রণ। এরপর ব্যবধান কমালেও হার এড়াতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাইয়ে প্রথম হারের তেতো স্বাদ পেল দল।
ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল দল।
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’র টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা।
উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে আসা শ্রীলঙ্কা ষষ্ঠ মিনিটেই পায় বাংলাদেশের জালের দেখা। প্রথম কোয়ার্টারের শেষ দিকে আশরাফুল ইসলাম পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফেরান।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে কুশল ভেরাপল্লির হিট ঠিকানা খুঁজে পেলে ফের এগিয়ে যায় শ্রীলঙ্কা। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ পারেনি ব্যবধান ঘোচাতে।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে ব্যবধান আরও বাড়িয়ে নেয় শ্রীলঙ্কা। ৪৯তম মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে আমিরুল ইসলামের লক্ষ্যভেদে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ, কিন্তু বাকি সময়ে সমতাসূচক গোল তুলে নিতে পারেনি দল।
নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে পুল পর্ব শুরু করা উজবেকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে।
পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে নয় দল। এদের মধ্যে শীর্ষ ছয় দল পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।