১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রেকর্ডে চোখ রেখে লিভারপুলের মুখোমুখি ম‍্যানচেস্টার সিটি

টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেম-ফাইনালে খেলার হাতছানি দলটির সামনে।

রেকর্ডে চোখ রেখে লিভারপুলের মুখোমুখি ম‍্যানচেস্টার সিটি
অনুশীলনে ম্যানচেস্টার সিটি দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 09:54 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমি-ফাইনালে খেলার রেকর্ডে চোখ রেখে লিভারপুলের মুখোমুখি হওয়ার কথা বললেন ম‍্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

আন্তর্জাতিক বিরতির আগে আর্সেনালকে হারিয়ে লিগ কাপ শিরোপা জিতেছিল সিটি। গুয়ার্দিওলা আশাবাদী, ওই মোমেন্টাম ধরে রেখে এফএ কাপ ও প্রিমিয়ার লিগ শিরোপাও ঘরে নিতে পারবেন তারা।

“আগামীকাল আমাদের সামনে সুযোগ থাকবে টানা আট সেমি-ফাইনালে পৌছানোর অবিশ্বাস‍্য মাইলফলকে পৌঁছানোর। এটা কখনও ঘটেনি… এটা মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা এবং আমাদের সবার জন‍্য কঠিনতম ও বিশেষ প্রতিপক্ষের একটি লিভারপুলের বিপক্ষে।”

২০১৬ সালে গুয়ার্দিওলা কোচ হয়ে আশার পর ইংলিশ ফুটবলে দাপট দেখাচ্ছে সিটি। এই সময়ে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে তারা। দুইবার জিতেছে এফএ কাপ ও পাঁচবার লিগ কাপ। স্প‍্যানিশ কোচের জন‍্য প্রবল প্রতিপক্ষ হিসেবেই লড়াই করেছে লিভারপুল। 

লিভারপুলের বিপক্ষে কোচ হিসেবে ২৬ ম‍্যাচে গুয়ার্দিওলার জয় কেবল নয়টি, সাতটি ড্র। প্রিমিয়ার লিগের কোনো দলের বিপক্ষে যা তার সবচেয়ে বাজে ফল। 

চলতি মৌসুমে লিগে শিরোপাধারীদের দুইবার হারিয়েছে সিটি। তবে ফেব্রুয়ারিতে অ‍্যানফিল্ডে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব‍্যবধানে জিততে নিজেদের উজাড় করে দিতে হয়েছে তাদের। তাদের বিপক্ষে আরেকটি জয়ের জন‍্য লিগ কাপ ফাইনালের পারফরম‍্যান্সের পুনরাবৃত্তি করতে বললেন গুয়ার্দিওলা।  

“অনেক সময় ধরে তারা প্রতিপক্ষ, সবচেয়ে বড়, সবচেয়ে বড়টি… শীর্ষ দাবিদার, শীর্ষ মানের খেলোয়াড়, সবই আছে তাদের। আশা করি, পরের ধাপে যেতে আমরা তেমন পর্যায়ের ফুটবল খেলতে পারব যেটা আর্সেনালের বিপক্ষে খেলেছিলাম।”