স্প্যানিশ ফুটবল
Published : 17 May 2025, 07:26 PM
চোটজর্জর রক্ষণভাগের শক্তি বাড়াতে জোর চেষ্টা চালাচ্ছে রেয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত আগ্রহের কেন্দ্রে থাকা ডিন হাউসেনকে পেয়ে গেছে তারা। দারুণ সম্ভাবনাময় স্প্যনিশ ডিফেন্ডারের ইউরোপের সফলতম দলটি চুক্তি করায় ভীষণ খুশি কোচ কার্লো আনচেলত্তি।
২০ বছর বয়সী হাউসেনকে শনিবার পাঁচ বছরের চুক্তিতে দলে টেনেছে রেয়াল। আগামী ১ জুন থেকে স্প্যানিশ ক্লাবটির খেলোয়াড় হয়ে যাবেন এই সেন্টার-ব্যাক।
ইংলিশ ক্লাব বোর্নমাউথ থেকে হাউসেনকে দলে টানতে বিশাল অঙ্কের রিলিজ ক্লজ দিতে হচ্ছে রেয়ালকে। বোর্নমাউথের বিবৃতি অনুযায়ী, সেটা পাঁচ কোটি পাউন্ড।
চলতি মৌসুমে প্রবলভাবে চোট সমস্যায় ভুগতে হচ্ছে রেয়াল মাদ্রিদকে। সবশেষ ম্যাচেই যেমন মূল খেলোয়াড়দের ১২ জনকে ছাড়া লড়তে হয়েছে তাদের। সবচেয়ে বেশি ভুগছে তারা রক্ষণভাগ নিয়ে। যার প্রভাব তাদের মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট।
চলতি মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি রেয়াল মাদ্রিদ। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ৩২ দলের ক্লাব বিশ্বকাপে সেই হতাশা দূর করার একটা সুযোগ অবশ্য আছে তাদের। মূলত সেই লক্ষ্যেই দ্রুত সম্ভব হাউসেনকে স্কোয়াডে যোগ করতে চেয়েছিল স্প্যানিশ ক্লাবটি।
বয়সভিত্তিক দলে জন্মভূমি নেদারল্যান্ডসের হয়ে খেলা হাউসেন সিনিয়র ফুটবলে বেছে নিয়েছেন স্পেনকে। ইতোমধ্যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জাতীয় দলেও অভিষেক হয়েছে তার।
বোর্নমাউথের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচ খেলে উজ্জ্বল পারফরম্যান্সে সবার নজর কাড়েন তিনি। অনেক ক্লাবই তাকে দলে টানতে চেয়েছিল। শেষ পর্যন্ত তিনি বেছে নেন রেয়ালকে।
চলতি মৌসুম শেষে রেয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি। এরই মধ্যে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে চুক্তি করে ফেলেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে রেয়ালের ডাগআউটে শেষবার দাঁড়াবেন এই ইতালিয়ান।
লা লিগায় রোববার সেভিয়ার মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। আগের দিন তার সংবাদ সম্মেলনে ওঠে ক্লাবটির নতুন ডিফেন্ডার দলে নেওয়ার প্রসঙ্গ। তখন হাউসেনের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।
“সে চমৎকার একজন তরুণ খেলোয়াড়, যে খুবই সম্ভাবনাময়। তাকে দলে টানাটা দারুণ হয়েছে। মাদ্রিদের সঙ্গে চুক্তি করা সব খেলোয়াড় নিয়ে খুব রোমাঞ্চিত, কারণ মাদ্রিদ সবসময় সেরা অবস্থায় থাকতে চায়।”
“গত বছর, এটার (হাউসেনকে দলে টানা) কোনো সম্ভাবনাই ছিল না, কারণ ডাভিড আলাবা দলে ফিরে এসেছিল, এদের মিলিতাও ভালো করছিল, এবং দানি কার্ভাহালও ভালো করছিল। কিন্তু চোট আমাদের ভুগিয়েছে।”