১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৩ বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস

এবারের দলবদলে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে টানল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

৩ বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস
নতুন ক্লাবের জার্সি হাতে গাব্রিয়েল জেসুস। ছবি: বার্সেলোনার ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 08:51 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। দলবদলের শেষ দিন সেটাও চলে এলো। আর্সেনাল থেকে তিন বছরের চুক্তিতে গাব্রিয়েল জেসুসকে দলে টানল বার্সেলোনা

২৯ বছর বয়সী জেসুসকে চুক্তিভুক্ত করার কথা মঙ্গলবার জানায় কাতালান ক্লাবটি।

চুক্তির আর্থিক বিষয় খোলাসা করেনি কোনো ক্লাবই। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নিতে প্রায় ৮৬ লাখ পাউন্ড খরচ হয়েছে বার্সেলোনার।

এবারের দলবদলে এনিয়ে ষষ্ঠ ফুটবলার স্কোয়াডে যোগ করল স্প্যানিশ ক্লাবটি। এর আগে অ্যান্থনি গর্ডন, কারিম আডেইয়েমি, রদ্রি, জোয়াও কান্সেলো ও গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে দলে ভেড়ায় তারা।

অনেক দিন ধরেই একজন মূল স্ট্রাইকার খুঁজছিল বার্সেলোনা। তাদের প্রথম লক্ষ্য ছিল হুলিয়ান আলভারেসকে দলে আনা। কিন্তু আতলেতিকো মাদ্রিদ রাজি না হওয়ায়, জেসুসের প্রতি নজর দেয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

গ্রীষ্মের দলবদলের শেষ দিন মঙ্গলবার। আর এদিনই জেসুসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে বার্সেলোনা। তার আগেই অবশ্য স্পেনে যান জেসুস। সোমবার রায়ো ভাইয়েকানোর বিপক্ষে বার্সেলোনার ৫-২ গোলে জয় কাম্প নউয়ে বসে দেখেন তিনি।

ম্যানচেস্টার সিটি থেকে ২০২২ সালে আর্সেনালে যোগ দেন জেসুস। চার মৌসুমে দলটির হয়ে ১২৩ ম্যাচ খেলে ৩২টি গোল ও ২২টি অ্যাসিস্ট করেন তিনি। লন্ডনের ক্লাবটির হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের স্বাদও পান এই ফুটবলার।

ফাবিও ভিয়েইরার ক্লাব ছাড়ার কথাও জানিয়েছে আর্সেনাল। জার্মান ক্লাব হামবুর্কে যোগ দিয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার।

এদিকে দলবদলের শেষ দিনে দলে শক্তি বাড়ানোর চেষ্টা করবেন বলে আগের দিন জানিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। গণমাধ্যমের খবর, বিশ্বকাপজয়ী আলভারেসের বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর, তার আর্সেনালের যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।