ক্লাবকে না জানিয়ে দায়িত্ব ছাড়ার পথে একটি পদক্ষেপও নেবেন না গুয়ার্দিওলা
ম্যানচেস্টার সিটি ছাড়ার সিদ্ধান্ত নিলে ক্লাবকে সবকিছু জানিয়েই করবেন পেপ গুয়ার্দিওলা, তবে চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি।
গত মৌসুম শেষে পেপ গুয়ার্দিওলার কণ্ঠে ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার ইঙ্গিত। নতুন মৌসুমের আগে তার সুর কিছুটা ভিন্ন। চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তবে যখন ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেবেন, তখন শুরু থেকেই সবকিছু ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়ে রাখলেন কোচ।
ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে আট বছর হয়ে গেছে গুয়ার্দিওলার। ক্যারিয়ারে সবচেয়ে লম্বা সময় কোচিং করালেন তিনি এখানেই। সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন চার বছর, বায়ার্ন মিউনিখে তিন বছর।
অনন্য সব সাফল্যে সমৃদ্ধ তার এই ম্যানচেস্টার সিটি অধ্যায়। আট মৌসুমের ছয়টিতেই লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি, সবশেষ চার মৌসুমে জিতেছেন টানা। ক্লাবকে তিনি এনে দিয়েছেন প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, প্রথম উয়েফা সুপার কাপ ও প্রথম ক্লাব বিশ্বকাপের শিরোপা। ট্রফি জিতেছেন আরও অনেকগুলো।
ম্যানচেস্টার সিটিতে তার চুক্তির মেয়াদ আছে আর এক মৌসুম। তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা তাই গত মৌসুমে নিয়মিতই উঠেছে। প্রিমিয়ার লিগ জয়ের পর তার কথায় এমন আভাস ছিল যে, হয়তো চুক্তির মেয়াদ আর বাড়াবেন না।
তবে নতুন মৌসুমে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ৫৩ বছর বয়সী কোচ ব্যাখ্যা দিলেন তার আগের সেই কথার। পাশাপাশি জানিয়ে রাখলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে সঠিক সময়ের অপেক্ষা করছেন তিনি।
“আমি জানি, অমন কথা বলার জন্য উপযুক্ত সময় হয়তো সেটি ছিল না, মাত্রই প্রিমিয়ার লিগ জিতেছি তখন আমরা। তবে যেটা বলতে চাচ্ছিলাম যে, আট বছর এখানে দায়িত্বে থেকেছি, আরও আট বছর নিশ্চিতভাবেই থাকব না। সেদিক থেকে বললে, দায়িত্ব চালিয়ে যাওয়ার চেয়ে ছেড়ে দেওয়ার কাছাকাছেই বেশি আছি। কিন্তু এটা বলিনি যে, আমি চলেই যাচ্ছি।”
“যখন চলে যাব, সরাসরিই বলে দেব তা। কিন্তু এখনও সেরকম কিছু বলিনি। চুক্তি বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। আমি স্রেফ নিশ্চিত হতে চাই, সময় হলে সঠিক সিদ্ধান্তটি যেন নিতে পারি, সেটি শুধু আমার জন্য নয়, ক্লাবের জন্যও।”
স্পেন, জার্মানি ও ইংল্যান্ড-তিন দেশেই ক্লাব কোচিংয়ে তার সাফল্যের ভাণ্ডার সমৃদ্ধ। ক্লাব কোচিং থেকে বাড়তি কিছু তার পাওয়ার আছে আর সামান্যই। নানা সময়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতে কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে চান।
তবে ম্যানচেস্টার সিটি ছাড়ার আগে সেই ভাবনাকে প্রাধান্য দিতে চান না গুয়ার্দিওলা। ভবিষ্যৎ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিয়ে তিনি ক্লাবকে একটুও আঁধারে রাখবেন না বলে জানিয়ে দিলেন।
“এটা নিয়ে (জাতীয় দলের দায়িত্ব) নিয়ে এখনও ভাবিনি, কারণ (ম্যান সিটি) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও নেইনি। যখন ঠিক করব যে, এখানে সময় শেষ, তখন ক্লাবের ক্রীড়া পরিচালকের সঙ্গে কথা বলব, ক্লাব চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলব। সেটিই হবে প্রথম কাজ।”
“ক্লাবকে না জানিয়ে একটি পদক্ষেপও নেব না। তাদের প্রতি আমি প্রবলভাবে কৃতজ্ঞ। যখন সময় আসবে, তখন কথা বলব। কখন আসবে সেই সময়? এখনও জানি না। অমুক সময়ে করলে বা তমুক সময়ে করলে সবচেয়ে ভালো হবে, এমন কোনো ব্যাপার নেই। কে জানে, হয়তো কয়েক মাসের মধ্যেই বলতে পারি যে, চুক্তি বাড়াতে চাই! কাজেই এখন কিছুই জানি না।”
