২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞা দেওয়ায় স্প্যানিশ ফেডারেশনকে একহাত নিলেন হাউসেন

তাকে লাল কার্ড দেখানো উচিত ছিল না বলে স্বীকার করে নেওয়ার পরও কেন শাস্তি বহাল রাখা হয়েছে, বুঝতেই পারছেন না রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার।

নিষেধাজ্ঞা দেওয়ায় স্প্যানিশ ফেডারেশনকে একহাত নিলেন হাউসেন
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান ডিন হাউসেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 06:41 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

এক ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আপিল কমিটির তীব্র সমালোচনা করেছেন ডিন হাউসেন। তাকে লাল কার্ড দেখানো উচিত ছিল না বলে স্বীকার করে নেওয়ার পরও কেন শাস্তি বহাল রাখা হয়েছে, বুঝতেই পারছেন না রেয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।  

লা লিগায় গত শনিবার রেয়াল সোসিয়েদাদের মাঠে রেয়াল মাদ্রিদের ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে লাল কার্ড দেখেন হাউসেন। মাঝমাঠের কাছে প্রতিপক্ষের মিকেল ওইয়ারসাবালকে পেছনে থেকে ঘাড় ধরে টেনে ফেলে দেন এই সেন্টার-ব্যাক। ‘নিশ্চিত গোলের পথে বাধা দেওয়ার’ অপরাধে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

মাঠে রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ভিএআরে দেখার দাবি জানালেও শোনেননি রেফারি। ঘটনার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর পর সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলটির কোচ শাবি আলোন্সো। তার মতে, লাল কার্ড পাওয়ার মতো ঘটনা সেটি ছিল না।

স্পেনের রেফারি কমিটি (সিটিএ) মঙ্গলবার বিতর্কিত সিদ্ধান্তটির ভিডিও বিশ্লেষণ করে স্বীকার করে নেয় যে, ‘সবচেয়ে উপযুক্ত শাস্তি হতে পারত হলুদ কার্ড।’

তারপরও আরএফইএফ এর আপিল কমিটি বৃহস্পতিবার হাউসেনের এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি বহাল রাখে। তাদের মতে, রেফারির রিপোর্টে থাকা ব্যাখ্যাসহ ঘটনাটির ‘বিভিন্ন ব্যাখ্যা’ হতে পারে। কমিটি বলেছে, রেফারির মাঠের ব্যাখ্যাকে ‘পরিষ্কার ও সুস্পষ্ট ভুল’ হিসেবে বিবেচনা করা যাবে না।

একই দিন ইনস্টাগ্রাম পোস্টে আপিল কমিটির সিদ্ধান্ত নিয়ে তোপ দাগেন ২০ বছর বয়সী হাউসেন।

“তারা ভুল স্বীকার করেছে, তারপরও আমি শাস্তি পাচ্ছি। স্প্যানিশ ফুটবলের জন্য ভালো উদাহরণ।”

এই নিষেধাজ্ঞার ফলে শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে খেলতে পারবেন না হাউসেন।

প্রথম চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রেয়াল মাদ্রিদ।