Published : 23 Jul 2025, 06:23 PM
প্রিমিয়ার লিগ জয়ী দলের সদস্য হতে পারতেন মার্তিন সুবিমেন্দি। কিন্তু গত মৌসুমে লিভারপুলের প্রস্তাব ফিরিয়ে সুযোগটি তিনিই পায়ে ঠেলে দেন। এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ খোলাসা করলেন এবার আর্সেনালে যোগ দেওয়া ইউরোজয়ী স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
চলতি মাসের শুরুতে রেয়াল সোসিয়েদাদ থেকে ২৬ বছর বয়সী সুবিমেন্দিকে দলে যোগ করে আর্সেনাল। তার জন্য ইংলিশ ক্লাবটির খরচ করতে হয় ৫ কোটি ১০ লাখ পাউন্ড।
গত গ্রীষ্মের দলবদলে সুবিমেন্দিকে নিতে চেয়েছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। সোসিয়েদাদে আরও এক মৌসুম থেকে নিজেকে আরও শাণিত করার লক্ষ্যে প্রস্তাবটি ফিরিয়ে দেন গত বছর ইউরো জেতা এই ফুটবলার।
কিন্তু এবার আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল, যারা গত তিন মৌসুমে প্রিমিয়ার লিগের রানার্সআপ, তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি তিনি। প্রাকমৌসুমে ক্লাবটির সঙ্গে সিঙ্গাপুর সফরে গেছেন সুবিমেন্দি। সেখানেই তুলে ধরেছেন গত মৌসুমে দলবদলের সময়ে তার ভাবনার কথা।
“ওই সময়টা আমার জন্য সহজ ছিল না, কারণ আমি রেয়াল সোসিয়েদাদে থাকতে চেয়েছিলাম। কিন্তু যখন প্রস্তাব আসে, তখন বিকল্পগুলো নিয়ে ভাবনা মাথায় আসতে থাকে।”
“যে প্রশ্নের উত্তরটি আমাকে প্রথমে দিতে হয়েছিল সেটা হল আমি সোসিয়েদাদ ছাড়তে চাই কিনা এবং তখন ক্লাবটি ছাড়ার সঠিক সময় ছিল না। আমার মনে হয়েছিল, সোসিয়েদাদ আমাকে আরও সুযোগ দেবে এবং আমার এখনও অনেক কিছু শেখার আছে, তাই সেখানে থাকাটাই ছিল আমার জন্য সেরা সিদ্ধান্ত।”
আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে বিশ্বের সেরা কোচদের একজন হিসেবে দেখেন সুবিমেন্দি। তার মতো একজনের কোচিংয়েই খেলতে চেয়েছিলেন এই স্প্যানিয়ার্ড।
“আমি জানি না তিনি (আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা) আমার মধ্যে কী দেখেছেন, তবে আমি তাকে ইউরোপের সেরা কোচদের একজন হিসেবে দেখি। রেয়াল সোসিয়েদাদ ছেড়ে যাওয়ার সময় আমি একজন মানসম্পন্ন কোচ চেয়েছিলাম।”
“আমার মনে হয়, আমি সেই কোচ পেয়েছি। এখানে আসার কয়েকদিনের মধ্যেই দেখেছি, খেলাটির প্রতিটি দিক নিয়ে তিনি কতটা সতর্ক। তাই আমার মনে হয়, তিনিই সেই কোচ।”