১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্পেনকে ‘ভিন্নভাবে’ নিয়ন্ত্রণ করেছে কেপ ভার্দ

কেপ ভার্দ কোচ বুবিস্তা মনে করেন, বল দখলে এগিয়ে থাকা মানে ম‍্যাচ নিয়ন্ত্রণ নয়।

স্পেনকে ‘ভিন্নভাবে’ নিয়ন্ত্রণ করেছে কেপ ভার্দ
স্পেনকে রুখে দিয়ে আনন্দে আত্মহারা কেপ ভার্দের কোচ বুবিস্তা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 11:49 AM

Updated : 11 Sep 2026, 03:25 PM

অনুমিতভাবেই বিশ্বকাপ অভিষেকে ম‍্যাচের লম্বা সময় রক্ষণে গুটিয়ে থাকতে হলো কেপ ভার্দের। স্পেনের সব আক্রমণ রুখে দিয়ে জাল অক্ষত রাখল তারা। কোচ বুবিস্তা বললেন, শুধু বল দখলে রেখে নয়, এভাবেও কোনো ম‍্যাচ নিয়ন্ত্রণে রাখা যায়। 

আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সোমবার ‘এইচ’ গ্রুপে স্পেন ও কেপ ভার্দের ম্যাচ গোলশূন্য ড্র হয়। প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয় স্পেন, যার সাতটি ছিল লক্ষ্যে। কেপ ভার্দ ছয়টি শট নিয়ে একটিই লক্ষ্যে রাখতে পারে।

ম‍্যাচে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়ন স্পেন ছিল ফেভারিট। তবে দারুণ সংগঠিত রক্ষণের সামনে সুবিধা করতে পারেনি তারা। ম‍্যাচ শেষে সাংবাদিকদের কেপ ভার্দ কোচ বললেন, সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে ম‍্যাচ নিয়ন্ত্রণ করেন তারাই। 

“অবশ‍্যই আমরা বলতে পারি যে, প্রায় পুরোটা সময় বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের। তবে ম‍্যাচের নিয়ন্ত্রণ কেবল বল দখলে রাখা নয়। আমরা সেটা করেছি ভিন্নভাবে। অবশ‍্যই, আমরা আরও বেশি আক্রমণ করতে চাইতাম তবে স্পেন দল কঠিন প্রতিপক্ষ। তাই আমরা এটা নিয়ে খুশি।”

৪৮ দলের বর্ধিত বিশ্বকাপে কেপ ভার্দের মতো দলগুলো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লড়াইয়ের সুযোগ পাচ্ছে। বুবিস্তা বললেন, এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে উন্মুখ এই দেশগুলো।

“এখন আরও উন্মুক্ত বিশ্বে ছোট দলগুলো এবং ছোট জাতীয় দলগুলো উচ্চ পর্যায়ের দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে। আমার মনে হয় ফুটবল হলো দৃঢ়সংকল্প ও সংগঠিত থাকা, বড় দলগুলোর বিপক্ষে নিজেদের সেরা চেষ্টার জন‍্য এগুলোকেই ছোট দলগুলো ভিত্তি হিসেবে নিয়েছে।”

কেপ ভার্দ একটি লক্ষ‍্য পূরণ করেছে, বিশ্বের সামনে নিজেদের দেশকে তুলে ধরেছে। বুবিস্তা বলেছেন, তাদের কাজ শেষ হয়নি এখনও। 

“আমরা সবসময়ই বলেছি যে, আমরা সবাইকে আমাদের দেশ, আমাদের দলকে দেখাতে চাই। আমরা জমাট রক্ষণ ও সাহসিকতা দেখিয়েছি। আর আমাদের দেশ কী তার প্রমাণ দিয়েছি- মানিয়ে নেওয়া এবং কঠিন পরিস্থিতি পেরিয়ে যাওয়া।”    

“এখানে আসার আগে আমি বলেছিলাম, আমাদের লক্ষ‍্য হলো উচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করা। নিশ্চিতভাবেই আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এটা আমরা জানি। বাধা অতিক্রম করার জন‍্য আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করব।”

অনেক সেভ করে কেপ ভার্দের এক পয়েন্ট অর্জনে বড় ভূমিকা রেখেছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়া। তার প্রশংসা করলেও দলীয় অবদানের কথাই বললেন কোচ। 

“মাঠে সেরা খেলোয়াড় ছিল সে। তাকেও অভিনন্দন জানানো উচিত। তবে আমি মনে করি, রক্ষণের দিক থেকে আমাদের দল খুব ভালো ছিল। অবশ‍্যই সে আমাদের দলকে সেখানে সাহায‍্য করেছে। অবশ‍্যই তাকে ম‍্যাচের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়ায় আমি খুশি। তবে আমি মনে করি, আমাদের দল অসাধারণ খেলেছে।”

বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে আরেক সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দ।