Published : 03 Sep 2026, 01:05 PM
এবারের বিশ্বকাপ থেকে ঘানা ছিটকে পড়ার পর দলকে বিদায় দিয়েছিলেন কার্লোস কেইরস। কিন্তু এই দল তাকে ছাড়ছে না। দায়িত্ব ছাড়ার দুই মাস হওয়ার আগেই তাকে আবার কোচ ঘোষণা করেছে ঘানা। তার দায়িত্বের নির্দিষ্ট কোনো মেয়াদ জানানো হয়নি।
বিশ্ব ফুটবলের সবচেয়ে অভিজ্ঞ কোচদের একজন কেইরস। ঘানার আগে তিনি ছিলেন ওমানের দায়িত্বে। এবারের বিশ্বকাপে তার থাকার কথা ছিল না। কিন্তু বিশ্বকাপের মাস দুয়েক আগে হুট করেই ঘানার দায়িত্ব পেয়ে যান। অল্প সময়েই চেষ্টা করেন দলকে গুছিয়ে নেওয়ার। ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ হিসেবে পঞ্চম বিশ্বকাপে ডাগআউটে দাঁড়ানোর কীর্তি গড়েন।
তার কোচিংয়ে পানামাকে হারিয়ে ও ইংল্যান্ডের সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব উতরায় ঘানা। তবে শেষ বত্রিশে কলম্বিয়ার কাছে হেরে তাদের বিদায় নিতে হয়। কেইরসও দায়িত্ব ছেড়ে।
এখন তাকেই আবার বেছে নিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।
“সামনের আন্তর্জাতিক ম্যাচের উইন্ডো থেকে নতুন করে কোচিংয়ে দায়িত্ব গ্রহণ করবেন কার্লোস কেইরস। জিএফএ বিশ্বাস করে যে, কুইরসের ব্যাপক আন্তর্জাতিক অভিজ্ঞতা, টেকনিক্যাল দক্ষতা এবং ব্ল্যাক স্টারদের সম্পর্কে তার জ্ঞান, দলটিকে এই নতুন অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে একটি শক্তিশালী অবস্থানে রেখেছে।
তার নতুন দায়িত্ব এবং ব্ল্যাক স্টারদের সামনের সূচি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে...।”
সামনের আন্তর্জাতিক উইন্ডো আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে। ২০২৭ আফ্রিকা কাপ অফ নেশন্সের বাছাইপর্বে আইভরি কোস্টের বিপক্ষে ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে খেলার কথা ঘানার।
কেইরসের সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারের শুরু সেই ১৯৮৯ সালে। নিজ দেশ পর্তুগালের অনূর্ধ্ব-২০ দল নিয় পথচলা শুরুর পর ১৯৯১ সালে জাতীয় দলেরও দায়িত্ব পান। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এরপর জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, আরেক দফায় পর্তুগাল, দুই দফায় ইরান, কলম্বিয়া, মিশর, কাতার ও ওমানে। ক্লাবেও কোচিং করিয়েছেন স্পোর্তিং সিপি, রেয়াল মাদ্রিদের মতো ক্লাবে, ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচ ছিলেন দুই দফায়।
এই ৭৩ বছর বয়সে তিনি শুরু করছেন নতুন অধ্যায়।