১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিটি থেকে ধারে টটেনহ‍্যামে মার্মুশ

পরের মৌসুমে পাকাপাকিভাবে মিশরের এই ফরোয়ার্ডকে কিনে নিতে হবে টটেনহ‍্যাম হটস্পারের।

সিটি থেকে ধারে টটেনহ‍্যামে মার্মুশ
ওমার মার্মুশ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 11:28 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

মৌসুমের শুরুতে ঠিকানা পরিবর্তন করলেন ওমার মার্মুশ। ম‍্যানচেস্টার সিটি থেকে টটেনহ‍্যাম হটস্পারে যোগ দিলেন মিশরের এই ফরোয়ার্ড। আগামী মৌসুমে পাকাপাকিভাবে তাকে কিনে নেওয়ার শর্ত রয়েছে ধারের চুক্তিতে। 

ব্রিটিশ গণমাধ‍্যমের তথ‍্য অনুযায়ী, মার্মুশকে কিনে নিতে অন্তত পাঁচ কোটি পাউন্ড দিতে হবে টটেনহ‍্যামের। এর সঙ্গে যুক্ত হতে পারে আরও এক কোটি পাউন্ড। 

টটেনহ‍্যামে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। নতুন চ‍্যালেঞ্জ নিতে উন্মুখ তিনি।

“এখানে আসতে পেরে দারুণ লাগছে। দলের সঙ্গে কাজ শুরু করতে আমি রোমাঞ্চিত। ভক্তদের সঙ্গে দেখা করতে অধীর হয়ে আছি। 

“টটেনহ‍্যাম বিশ্বের ও ইংল‍্যান্ডের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি। তাদের এই প্রকল্প আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। আমি প্রধান কোচের (রবের্তো দে জেরবি) সঙ্গে কথা বলেছি, তার কথা আমার ভালো লেগেছে। আমি নিশ্চিত, খেলাটির প্রতি ভালোবাসার জন‍্য আমরা এক সঙ্গে ভালোভাবে এগিয়ে যাব।” 

২০২৪-২৫ মৌসুমে যোগ দিয়ে সিটিতে নিয়মিত খেলার সুযোগ পান মার্মুশ। তবে পরের মৌসুম ভালো কাটেনি তার। ২১ ম‍্যাচ খেলে কেবল সাত গোল করতে পারেন তিনি। 

গত মার্চে টটেনহ‍্যামের কোচ হয়ে আসেন দে জেরবি। তার কোচিংয়ে অবনমন এড়ায় লন্ডনের ক্লাবটি। এবার দল পুনর্গঠনের কাজে মনোযোগ দিয়েছেন দে জেরবি। দলে নিয়ে এসেছেন দুই মিডফিল্ডার সান্দ্রো তোনালি ও মাতেউস ফের্নান্দেস এবং ডিফেন্ডার ইয়ান পল ফন হেকেকে। 

এছাড়া ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিওকে যোগ করেছে টটেনহ‍্যাম। 

মার্মুশ ফরোয়ার্ড লাইনের বিভিন্ন জায়গায় খেলতে পারেন। দে জেরবির কোচিংয়ে আরও বেশি সময় খেলার সুযোগ মিলতে পারে তার। 

টানা দুটি কঠিন মৌসুম কাটানোর পর আক্রমণভাগে মানসম্পন্ন খেলোয়াড় প্রয়োজন টটেনহ‍্যামের। গত দুই আসরে লিগে দলটি হয় ১৭তম। 

২০২৬ বিশ্বকাপে মিশরের হয়ে পাঁচ ম‍্যাচ খেলেন খেলেন মার্মুশ। শেষ পর্যন্ত রানার্সআপ হওয়া আর্জেন্টিনার বিপক্ষে হেরে শেষ ষোলোয় থামে তাদের পথচলা। 

লিগে এবারও টটেনহ‍্যামের শুরুটা ভালো হয়নি। ৩-০ গোলে হেরেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। পরের ম‍্যাচে আগামী শনিবার নিউক‍্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে তারা।