জাতীয় দলকে বিদায় ইনাকি উইলিয়ামসের
স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য নিকো উইলিয়ামসের বড় ভাই ইনাকি খেলতেন ঘানার হয়ে।
আন্তর্জাতিক ফুটবলের পাঠ চুকিয়ে ফেলেছেন ইনাকি উইলিয়ামস। চার বছর ঘানার হয়ে খেলার পর অবসরের ঘোষণা দিয়েছেন আতলেতিকো বিলবাও অধিনায়ক।
৩৬ বছর বয়সী উইলিয়ামস শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য নিকো উইলিয়ামসের বড় ভাই।
ঘানার হয়ে ইনাকি সবশেষ ম্যাচ খেলেন গত জুলাইয়ে, কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে। শেষ বত্রিশের ম্যাচে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি।
ইনাকি ও নিকোর বাবা-মা দুইজনই ঘানার। তাদের জন্ম বিলবাওয়ে। শেকড়ের টানে ২০২২ সালে ঘানার হয়ে খেলার সিদ্ধান্ত নেন ইনাকি। যদিও তার ছয় বছর আগে বসনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে স্পেনের হয়ে খেলেন তিনি।
ঘানার হয়ে ২৮ ম্যাচে দুটি গোল করেন ইনাকি। চলতি বছর দলটিকে বিশ্বকাপের নকআউট পর্বে তুলতেও ভূমিকা রাখেন তিনি। ২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলে ঘানা।
অবসরের ঘোষণা দেওয়া বিবৃতিতে ইনাকি লেখেন, ঘানা সবসময় তার হৃদয়ে থাকবে।
“ফুটবলের চেয়েও ঘানা আমাকে অনেক বেশি কিছু দিয়েছে। এটা আমাকে নিজের শিকড়ে ফিরে যাওয়ার, সেগুলোর আরও কাছাকাছি যাওয়ার এবং নিজের দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বুকে এই পতাকা ধারণের যে অপরিসীম গর্ব, তা অনুভব করার সুযোগ দিয়েছে।
“ঘানা সব সময় আমার অংশ হয়ে থাকবে।”
