ব্রাজিল-পরীক্ষার জন্য দ্রুত প্রস্তুত হতে চান ক্লার্ক
মরক্কোর বিপক্ষে হারের পরেই ব্রাজিল ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছেন স্কটল্যান্ড কোচ।
যত দ্রুত সম্ভব মরক্কো ম্যাচ ভুলে যেতে চান স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক। এরপর নিজেদের গুছিয়ে নিয়ে প্রস্তুত হতে চান ব্রাজিলের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের জন্য।
ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরেছে স্কটল্যান্ড। ম্যাচে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি তারা।
হাইতিকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করে স্কটল্যান্ড। বিশ্বকাপে ৩৬ বছর পর পাওয়া ওই জয়ে নক আউট পর্বে যাওয়ার আশা টিকে আছে দলটির।
সেই সুযোগ কাজে লাগাতে উন্মুখ ক্লার্ক। মরক্কো ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার জন্য দ্রুত প্রস্তুতি নিতে চান।
“ওরা কারও কাছেই হারতে পছন্দ করে না। তাই আমরা বিশ্রাম নেব, রিকোভারি করব এবং আবার খেলার জন্য তৈরি হব। ওই ম্যাচ সহজ হবে না।”
“খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। যে ফল চেয়েছিলাম, সেটা না পাওয়ায় আমরা বিধ্বস্ত ও হতাশ। অবশ্যই টুর্নামেন্টে আমরা যত দূর সম্ভব এগিয়ে যেতে চাই।”
দ্বিতীয়ার্ধে দুটি পেনাল্টির আবদেন করে স্কটল্যান্ড। ভিন্ন দুটি ঘটনায় ডি বক্সে পড়ে যান জন ম্যাকগিন ও স্কট ম্যাকটোমিনে। ক্লার্ক কেবল একটি ঘটনা পরিষ্কারভাবে দেখার কথা বললেন।
“ম্যাকগিনেরটা ৫০-৫০ ছিল। কেউ হয়তো পেনাল্টি দেবে। তবে আমি মনে করি রেফারি পেনাল্টি দিলে ভিএআর সিদ্ধান্ত পাল্টাত না। তাই আমি কেবল এই একটা নিয়েই কথা বলতে পারি… তবে শুনে রাখুন, এটা নিয়ে আমাদের কিছু করার নেই।”
মায়ামিতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় ব্রাজিলের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
