২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলভা-রোনালদোর গোলে পর্তুগালের তিনে তিন

১৭ বছর পর পোল্যান্ডের বিপক্ষে আবার গোল পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2024, 02:44 AM

Updated : 26 Aug 2026, 10:39 AM

দেশের হয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। জয়ের পথে এগিয়ে গেল পর্তুগাল। শেষ দিকে পোল্যান্ড ব্যবধান কমালেও, পর্তুগিজদের জয়রথ থামাতে পারেনি তারা।

পোল্যান্ডের ওয়ারশতে শনিবার নেশন্স লিগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল। বের্নার্দো সিলভা সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রোনালদো। পিওতর জেলেনস্কির গোলে স্বাগতিকরা নাটকীয়তার সম্ভাবনা জাগলেও, শেষ দিকে তাদের আত্মঘাতী গোলে তা আর হয়নি।

টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল।

শুরুতে কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর ২৬তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে চলা ব্রুনো ফের্নান্দেসের হেড পাস পেয়ে, বাঁ পায়ের জোরাল শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটির বের্নান্দো সিলভা।

৩৭তম মিনিটে দলকে ফের উল্লাসে ভাসান রোনালদো। গোলটির পেছনে বড় কৃতিত্ব আছে রাফায়েল লেয়াওয়ের। মাঝমাঠে একজনের চ্যালেঞ্জ সামলে বল নিয়ন্ত্রণে নিয়ে, আরেক জনকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন এসি মিলান ফরোয়ার্ড। বল পোস্টে লেগে চলে যায় রোনালদোর পায়ে, প্রথম ছোঁয়ায় নিচু শটে লক্ষ্যভেদ করেন আল নাস্‌র তারকা।

আসরে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেলেন রোনালদো। ২০০৭ সালের সেপ্টেম্বরের পর পোল্যান্ডের বিপক্ষে এটি তার প্রথম গোল। 

২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩৩ গোল হলো ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের। 

আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে তার মোট গোল এখন ৯০৬টি।

৫৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর পরিষ্কার সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু তিনি বক্সে ফাঁকায় বল পেয়েও শট না নিয়ে ফের্নান্দেসকে পাস দেন, লক্ষ্যে শটই রাখতে পারেননি এই মিডফিল্ডার। খানিক পর ফের ছয় গজ বক্সের মুখ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন ফের্নান্দেস।

পর্তুগালের ওই দুই প্রচেষ্টার মাঝে একটি সুযোগ পেয়েছিলেন রবের্ত লেভানদোভস্কি। কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি বার্সেলোনা তারকা। বাকি সময়েও তিনি পারেননি তেমন কিছু করতে। 

এরপরই একসঙ্গে রোনালদো ও লেয়াওকে তুলে নিয়ে দিয়োগো জটা ও ত্রিনকাওকে নামান কোচ।

অধিকাংশ সময় দ্বিতীয় সেরা দল হয়ে থাকা পোল্যান্ড ৭৮তম মিনিটে ব্যবধান কমিয়ে পয়েন্ট পাওয়ার আশা জাগায়। বক্সে বল ধরে কোনাকুনি শটে গোলটি করেন ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জেলিনস্কি।

তবে ৮৮তম মিনিটে তাদের সব আশা শেষ হয়ে যায় নিজেদেরই ভুলে। গোলমুখে প্রতিপক্ষের পায়ে বল যাওয়া আটকাতে নিজেদের জালেই ঠেলে দেন ডিফেন্ডার ইয়ান বেদনারেক।

দিনের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারানো ক্রোয়েশিয়া ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে পোল্যান্ডের পয়েন্ট ৩।

স্কটল্যান্ড এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। 

ডেনমার্ককে হারিয়ে শীর্ষে স্পেন