এফএ কাপ
Published : 08 Mar 2026, 03:56 AM
ম্যাচের শুরুটা দুর্দান্ত হলো নিউক্যাসল ইউনাইটেডের। কিন্তু গোল হজমের পর যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠল ম্যানচেস্টার সিটি, তার জবাব ছিল না নিউক্যাসলের। ওমার মার্মুশের জোড়া গোলে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল উঠল পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৩-১ গোলে জিতেছে সিটি। হার্ভি ভার্নসের গোলে পিছিয়ে পড়ার পর, সফরকারীদের সমতায় ফেরান সাভিনিয়ো। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন মামুর্শ।
চলতি মৌসুমে এর আগেও এই দুই দলের দেখা হয়েছে চারবার। গত নভেম্বরে লিগে প্রথম দেখায় নিউক্যাসলের মাঠে ২-১ গোলে হেরেছিল সিটি। এরপর জানুয়ারির মাঝামাঝি ও ফেব্রুয়ারির শুরুতে লিগ কাপে সেমি-ফাইনালের দুই লেগেই জিতে আগের ক্ষতে প্রলেপ দেয় তারা। সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারির শেষ ভাগে লিগের ফিরতি দেখায়ও জয় পায় গুয়ার্দিওলার দল।
এবার অবশ্য শুরুটা একদমই ভালো হয়নি সিটির। ম্যাচের প্রথম ২০ মিনিটে তাদের ওপর একচেটিয়া চাপ ধরে রাখে নিউক্যাসল। এই সময়ে বল দখলে পিছিয়ে থাকলেও, আক্রমণে পুরোপুরি আধিপত্য করে তারা।
দারুণ কয়েকটি সুযোগ হারানোর পর, ১৮তম মিনিটে গোল পায় নিউক্যাসল। তোনালির পাস ধরে এগিয়ে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হার্ভি বার্নস।
পিছিয়ে পড়ার পর যেন হুঁশ ফেরে সিটির, শুরু করে পাল্টা আক্রমণ। সময়ের সঙ্গে তাদের আক্রমণের ঝড় বাড়তেই থাকে।
৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা। গতিময় আক্রমণে জেরেমি ডোকু ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান, ক্লিয়ার করার সুযোগ পেলেও পারেননি লুইস হল, ফাঁকায় দাঁড়িয়ে থাকা ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনিয়োর পায়ে লেগে বল গড়িয়ে গোললাইন পেরিয়ে যায়।
বিরতির পর পুনরায় খেলা শুরু হতেই এগিয়ে যায় সিটি। ডি-বক্সে ডান দিক থেকে গোলরক্ষকের বাধা এড়িয়ে দূরের পোস্টে পাস বাড়ান মাথেউস নুনেস, আর ফাঁকায় বল পেয়ে সহজেই জালে পাঠান মার্মুশ।
৬৫তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে জয়ের পথে এগিয়ে নেন মার্মুশ। এবারও অ্যাসিস্টের ভূমিকায় পর্তুগিজ মিডফিল্ডার নুনেস। তাস পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মিশরের ফরোয়ার্ড।
বাকি সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, গতবারের রানার্সআপদের তেমন একটা ভাবাতে পারেনি নিউক্যাসল।
এদিনই আরেক ম্যাচে দ্বিতীয় স্তরের দল রেক্সহ্যামকে ৪-২ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে চেলসি।
দিনের প্রথম ম্যাচে, তৃতীয় স্তরের দল ম্যান্সফিল্ড টাউনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখে আর্সেনাল।