১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের হয়ে ‘জীবনের সেরা সময়’ চলছে এস্তেভোঁর

দেশের হয়ে শেষ ৫ ম্যাচে ৪ গোল করেছেন এই তরুণ ফরোয়ার্ড।

ব্রাজিলের হয়ে ‘জীবনের সেরা সময়’ চলছে এস্তেভোঁর
ব্রাজিলের হয়ে দারুণ ছন্দে আছেন তরুণ ফরোয়ার্ড এস্তোভোঁ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

দেশের হয়ে প্রথম পাঁচ ম‍্যাচে কোনো গোল ছিল না এস্তোভোঁর, পরের পাঁচ ম‍্যাচে তিনি জালের দেখা পেলেন চারবার। পরিসংখ‍্যানে যেটা স্পষ্ট, সেটা শোনা গেল তরুণ এই ফরোয়ার্ডের কণ্ঠেও। সেনেগালের বিপক্ষে ব্রাজিলের প্রথম জয়ে বড় ভূমিকা রাখার পর বললেন, জাতীয় দলের হয়ে জীবনের সেরা সময় কাটাচ্ছেন তিনি। 

এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। শুরুতে দলকে এগিয়ে নেন এস্তেভোঁ। পরে ব্যবধান বাড়ান কাসেমিরো।

সেনেগালের বিপক্ষে আগের দুই ম‍্যাচের একটিতে ড্র করেছিল ব্রাজিল, হেরেছিল অন‍্যটিতে। এবার জয়ের পথে ম্যাচের ২৮তম মিনিটে দলকে এগিয়ে নেন এস্তেভোঁ।

সতীর্থের শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লাগলে ডি-বক্সে ফাঁকায় পান ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল জালে পাঠান তিনি। ম‍্যাচ শেষের প্রতিক্রিয়ায় বললেন, গোলের ধারায় থাকতে কঠোর পরিশ্রম করে যাবেন তিনি।  

“জাতীয় দলে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল। এখন জীবনের সেরা সময় চলছে, (আমাকে) প্রতিদিন পরিশ্রম করে যেতে হবে।”

ব্রাজিলের হয়ে শেষ ৫ ম্যাচে ৪ গোল করেছেন এস্তেভোঁ। নিজেকে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করছেন তিনি। সেনেগালের বিপক্ষে আক্রমণে তার সঙ্গী ছিলেন মাথেউস কুইয়া, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। প্রথম একাদশে জায়গা পাওয়া যে কতটা কঠিন, সেটিও মনে করিয়ে দিলেন এস্তেভোঁ।

“জায়গার জন‍্য খেলোয়াড়দের মধ‍্যে প্রতিযোগিতা থাকা সবার জন্য ভালো। জাতীয় দলে থাকা আমার কাছে সবকিছু। এখানে থাকতে আমি কঠোর পরিশ্রম করি। প্রতিযোগিতা অবশ্যই ভালো, তবে পা মাটিতে রাখা জরুরি। এই দলে থাকার অনুভূতি অবিশ্বাস‍্য।”

আগামী মঙ্গলবার ফ্রান্সে চলতি বছরে নিজেদের শেষ প্রীতি ম‍্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।