১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লাল কার্ড বাতিল, রেয়াল মাদ্রিদ ম্যাচে খেলতে পারবেন ব্রাজিলের আন্তোনি

রেয়াল বেতিসের আপিলের পর আন্তোনির লাল কার্ড উঠে যাওয়ার কথা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

লাল কার্ড বাতিল, রেয়াল মাদ্রিদ ম্যাচে খেলতে পারবেন ব্রাজিলের আন্তোনি
রেয়াল বেতিসের ব্রাজিলিয়ান উইঙ্গার আন্তোনি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 10:43 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

আপিল করে সুসংবাদ পেয়েছে রেয়াল বেতিস। দলটির উইঙ্গার আন্তোনির লাল কার্ড বাতিল করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তাই রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে বাধা নেই এই ব্রাজিলিয়ানের।

লা লিগায় আগামী শনিবার শিরোপাধারীদের মুখোমুখি হবে বেতিস। ২৫ বছর বয়সী আন্তোনির লাল কার্ড উঠে যাওয়ার কথা বুধবার জানিয়েছে আরএফইএফ।

জানুয়ারিতে মৌসুমের বাকি অংশের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বেতিসে যোগ দেন আন্তোনি। গত রোববার নতুন দলের জার্সিতে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে লাল কার্ড দেখেন তিনি। 

গেতাফের বিপক্ষে ২-১ গোলে জেতা ওই ম্যাচে ডিফেন্ডার হুয়ান ইগলেসিয়াসকে ট্যাকেল করায় আন্তোনিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে বেতিস।

রেফারির প্রতিবেদনে মাঠের ঘটনা পুরোপুরি প্রতিফলিত হয়নি বলে দাবি করে বেতিস। বিষয়টি পর্যালোচনা করে আরএফইএফ ডিসিপ্লিনারি কমিটি শেষ পর্যন্ত লাল কার্ড বাতিলের সিদ্ধান্ত জানায়।

লিগ টেবিলে সপ্তম স্থানে আছে বেতিস। দুইয়ে থাকা রেয়াল মাদ্রিদ আগামী ম্যাচে পাবে না তাদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে। ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন তিনি।