ভারতকে ভয়ের কিছু নেই, বললেন মুনকি
ভারতের শক্তিশালী আক্রমণভাগকে আটকাতে রক্ষণের দৃঢ়তা ধরে রাখতে হবে বলে মনে করেন ডিফেন্ডার কোহাতি কিসকু।
গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে গেছে ‘নকআউট’ এর মতো। এই ম্যাচের ওপরই নির্ভর করছে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা-মনিকাদের মুকুট ধরে রাখার অভিযান অব্যাহত থাকবে, নাকি থেমে যাবে। প্রতিপক্ষ প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন বলেই সতর্ক বাংলাদেশ। তবে এতে ভয়ের কিছু দেখছেন না মিডফিল্ডার মুনকি আক্তার।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় পৌনে ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি। এ ম্যাচে সামনে রেখে মঙ্গলবার আর্মি হেড কোয়ার্টার্স মাঠে পিটার জেমস বাটলার শেষ মুহূর্তের প্রস্তুতিতে গতবারের সাফ জয়ীদের নিয়ে সেরা একাদশ সাজানোর ইঙ্গিত দিয়েছেন।
দুই বছর আগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপ পর্বে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছে মেয়েরা।
“কোচ বলেছেন (ভারতের বিপক্ষে) আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে, অনুশীলনে যা করিয়েছে, সেভাবেই খেলব আর পাকিস্তানের বিপক্ষে যে দলটা খেলিয়েছে, সেখানে কয়েকজন বদল হবে, সিনিয়র আপুরা আছে…কোচ বলছে যে, তোমাদের খেলাটা খেলবে, নির্ভার থেকে খেলবে, গোল পেয়ে যাবে।”
“চাপ কাজ করবে কেন? আপুরা খেলেছে (ভারতের বিপক্ষে), আমরা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হয়েছি, আপুরা আমাদের বলেছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ভারত আহামরি দল নয়, আমরা যদি, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলি, ইনশাল্লাহ আমরা বের হয়ে যাবো। ভয়ের কিছু নেই।”
‘এ’ গ্রুপে টেবিলের যে অবস্থা, তাতে ৩ পয়েন্ট নিয়ে সবচেয়ে নির্ভার ভারত। পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান ১ করে। ভারতের বিপক্ষে তিন গোলের কম ব্যবধানে হারলেও সেমি-ফাইনাল খেলবে বাটলারের দল। মুনকি জানালেন, জয়ের জন্যই ঝাঁপাবেন তারা।
“আমরা এসেছিই ট্রফি জয়ের জন্য। বাংলাদেশের জন্য খেলতে এসেছি। জয়ের জন্যই এসেছি, (ভারতের বিপক্ষে) জয়ের জন্যেই মাঠে নামব। আমরা হারতে চাই না। জিততে চাই।”
এই চাওয়া পূরণ করতে হলে রক্ষণের দৃঢ়তা ধরে রাখা ভীষণ জরুরি। কেননা, ভারতের আক্রমণভাগে আছে বালা দেবি, দাঙ্গমেই গ্রেসির মতো অভিজ্ঞ ও গতিময় ফরোয়ার্ড। পাকিস্তান ম্যাচে রক্ষণ সামলানো কোহাতির তাই মনে হচ্ছে, রক্ষণ জমাট রেখে খেলতে হবে তাদের।
“কালকের ম্যাচের ওপর নির্ভর করবে আমরা সেমি-ফাইনালে যেতে পারব কিনা। আমারা জেতার জন্যই খেলব, চেষ্টা করব ভালো কিছু করার। আমাদের ডিফেন্স লাইন জমাট রাখতে হবে, কেননা ভারতের ফরোয়ার্ডরা তো অনেক গতিময়।”
